কোচ হোসে মরিনহো তার গত মৌসুমের ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে কুলিয়ে উঠতে না পারলেও চেলসিকে নিয়ে চার ম্যাচের যুক্তরাষ্ট্র সফর শেষ করলেন তিন জয়ে। সর্বশেষ অর্জনটি ইতালির ক্লাব রোমার বিরুদ্ধে ২-১ গোলের ব্যবধানে পাওয়া।
মরিনহো এই সফরে তরুণদের উপর আস্থা রাখলেও ৩৫ বছর বয়সী ও দলটির হয়ে ২০৩ গোল করা ফ্র্যাংক ল্যাম্পার্ড এবং রোমেলু লুকাকুর দ্বিতীয়ার্ধের গোলে জয় দিয়ে সফর শেষ করেন। অথচ ‘অ্যাচিলিচ’ ইনজুরির কারণে এই সফরে খুব সময়েই খেলেছিলেন ল্যাম্পার্ড। গত শনিবার ওয়াশিংটনের আরএফ’কে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে উভয়েই মাঠে নামেন বদলি হিসেবে।
পর্তুগীজ কোচ মরিনহো এদিন মূলত তারুণ্যে ভরা দ্বিতীয় সারির দলকেই মাঠে নামিয়েছিলেন প্রথমে। কিন্তু ১১ দিনের যুক্তরাষ্ট্রে সফরে সবচেয়ে বাজে ৪৫ মিনিট কাটানোর পর মাঠ থেকে তুলে নেন ফার্নান্দো তোরেসকে, তার জায়গায় আসেন ইতোমধ্যেই স্পানিয়ার্ডটির জন্য হুমকি হয়ে ওঠা ডেম্বা বা’কে। মাঠে আসেন ল্যাম্পার্ড, অস্কার ও গ্যারি কাহিল। আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের আগে এটাই ছিল চেলসির প্রাক মৌসুম শেষ প্রীতি ম্যাচ। এতে ৮৯ মিনিটে লুকাকুর গোলে চেলসির জয় নিশ্চিত হয়। এর আগে ২০ মিনিটে এরিক লামেলা রোমাকে এগিয়ে দেবার পরে ৬০ মিনিটে অভিজ্ঞ মিডফিল্ডার ল্যাম্পার্ড আঠারো গজ দূর থেকে নেয়া দুর্দান্ত এক বাঁকানো শটে ব্লুজদের হয়ে সমতা ফেরান।
মাইকেল এসিয়েন অবশ্য দ্বিতীয় মিনিটেই চেলসিকে এগিয়ে দেবার সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার ভলি রোমার গোলরক্ষক মরগান ডি সানটিস অনেকটা লাফিয়ে উঠে রক্ষা করেন। এরপর ২০ মিনিটে চেলসির নতুন রিক্রুট অস্ট্রেলিয়ান গোলরক্ষক মার্ক শোয়ারজারের ভুলের কারণে এগিয়ে যায় রোমা। রক্ষণভাগে বার্টান্ডের একটি ব্যাক পাস অভিজ্ঞ শোয়ারজার ঠিকমতো ঠেকাতে না পারলে বলটি পিছনে গিয়ে পোস্টে লাগলে পিছন থেকে আসা আর্জেন্টাইন মিডফিল্ডার এরিক লামেলা পায়ের টোকায় বলটিকে জালে জড়িয়ে দেন। পাবলো ওসভালডো রোমার পক্ষে দ্বিতীয় গোলটি প্রায় করেই বসেছিলেন। বক্সে চেলসির দুই ডিফেন্ডার সিজার আজপিলিকুয়েটা এবং ডেভিড লুইজকে কাটিয়ে নীচু শট করলে শোয়ারজার সে যাত্রা আর কোন ভুল করেননি।
পিছিয়ে পড়া চেলসি বিরতির পর ছয়টি পরিবর্তনের সুযোগ নিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে। তাতে ৬০ মিনিটের মাথায় কাঙ্ক্ষিত ফলও পায়। ডেম্বা বা’র পাস থেকে ল্যাম্পার্ডের জোরালো শটে সমতা ফেরায় চেলসি। ৮৮ মিনিটে ইডেন হ্যাজার্ড রোমার রক্ষণভাগে ঢুকে ডেম্বা বা’কে ব্যাক পাস দেন। বা বলটি লুকাকুকে বাড়ালে তিনি আর কোন ভুল করেননি।
এই জয়ের মাধ্যমে প্রাক মৌসুম অনুশীলনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সফরে চেলসি চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেল। এর আগে চেলসি এসি মিলান ও ইন্টার মিলানকে ২-০ গোলের ব্যবধানে হারানোর পর গত বুধবার রিয়াল মাদ্রিদের কাছে আট জাতির প্রীতি ম্যাচের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ফাইনালে ৩-১ গোলে পরাস্ত হয়। এটি ছিল চলতি মৌসুমে চেলসির প্রথম হার যাতে মরিনহোর স্বদেশী ক্রিস্টিয়ানো রোনালদো একাই দুই গোল করেছিলেন।
সাবেক রিয়াল মাদ্রিদ কোচ অবশ্য এ হারকে ‘কোন নাটক’ নয় বলে অভিহিত করেছেন। তিনি এ প্রসঙ্গে জানান, নিজের দলকে ভুল করতে দেখে তিনি সন্তুষ্ট। কারণ নতুন মৌসুম শুরুর প্রাক্কালে তারা এসব ভুলগুলো শোধরানোর ব্যাপারে কাজ করতে পারবেন।
চেলসি এই নিয়ে দ্বিতীয়বারের মত মরিনহোর অধীনে খেলছে । এর আগে ২০০৫ এবং ২০০৬ সালে তার অধীনে চেলসি প্রিমিয়ার লিগের শিরোপা জয় করেছিল। আগামী রবিবার হালকের বিরুদ্ধে খেলার মধ্য দিয়ে মরিনহো নতুন করে শিরোপার লড়াই শুরু করবেন।
অন্যদিকে ২৫ আগস্ট সিরিএ মিশন শুরু করতে যাওয়া রোমা এ নিয়ে তৃতীয় অনুশীলন ম্যাচে অংশ নিল। এর আগের ম্যাচগুলোতে রোমা মেজর লিগ সকার (এমএলএস) এর ক্লাব অল স্টার্সের বিপক্ষে ৩-১ গোলে এবং টরেন্টো এফসি’র বিপক্ষে ৪-১ গোলে জয়ী হয়েছিল।-বাসস/সকারওয়ে/ টেলিগ্রাফ।
