ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ২১:৪২
রাষ্ট্রপতি আবদুল হামিদ ঈদুল ফিতরের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি শুক্রবার বঙ্গভবনে মুসলমানদের সর্ববৃহত্ ধর্মীয় উত্সব ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ‘আমি এই দিনে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানাই।’ তিনি দেশের প্রত্যেকের সুখী ও সমৃদ্ধ জীবন কামনাসহ বিশ্বের সকল মানুষের প্রতি ঈদের শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার সহধর্মিণী রাশিদা খানম সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও কূটনীতিকদের জন্য এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি মো. মুজাম্মেল হোসেইন, মন্ত্রিবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ ও প্রতিমন্ত্রীবর্গ এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া সুপ্রিমকোর্টের বিচারপতিবৃন্দ, জাতীয় সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গ, সম্পাদকবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, সচিবগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরবৃন্দ, শিক্ষাবিদ ও জাতীয় পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ, সিনিয়র সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিল্পী, উচ্চপদস্থ’ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ ও এ অনুষ্ঠানে যোগ দেন। কূটনীতিক, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রধানগণও এতে উপস্থিত ছিলেন। কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার পরিদর্শন রাষ্ট্রপতি আবদুল হামিদ বৃহস্পতিবার নগরীতে নবনির্মিত ১ দশমিক ৭৯ কিলোমিটার দীর্ঘ মিরপুর-এয়ারপোর্ট ও ৩ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ কুড়িল-বিশ্বরোড ফ্লাইওভার পরিদর্শন করেছেন।