ঈদের ছুটিতে লালবাগের নবাবগঞ্জে এক ব্যাংকের দেয়াল ভেঙে ভিতরে ঢুকে ভল্ট লুটের চেষ্টা হয়েছে। লালবাগ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহজালাল জানিয়েছেন, ঈদের ছুটির মধ্যে গত বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে কোনো এক সময় নাবাবগঞ্জে অগ্রণী ব্যাংকের দ্বিতীয় তলার দেয়ালের একটি অংশ ভেঙে ডাকাতরা ভেতরে প্রবেশ করে। এরপর তারা নিচতলায় থাকা ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করলেও ঢুকতে ব্যর্থ হয়। এদিকে গত বৃহস্পতিবার রাতে হাজারীবাগে এক সৌদি প্রবাসীর বাসার তালা ভেঙে ঘর থেকে সোনা, নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরি হয়েছে। ঈদের ছুটি শেষে রবিবার সকালে ব্যাংক কর্মীরা অফিসে প্রবেশ করে ভাঙা দেয়াল আবিষ্কার করেন। পরে তারা পুলিশে খবর দেন।
এদিকে গত বৃহস্পতিবার রাতে হাজারীবাগে বোরহানপুর মসজিদের কাছে এক সৌদি প্রবাসীর বাসার তালা ভেঙে ঘর থেকে ১৬ ভরি সোনা, আড়াই লাখ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায় চোরেরা। ছয়তলা ওই ভবনের চারতলার ফ্ল্যাটের বাসিন্দা মিনু রহমান জানান, ঈদের আগের রাতে দুই সন্তানকে নিয়ে তিনি হাজারীবাগ মায়ের বাসায় যান। রাতে ফিরে দেখেন, বাসার তালা ভাঙা এবং জিনিসপত্র এলোমেলো।
