ঈদের ছুটিতে গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও আহত হয়েছে ৭২ জন। বগুড়ার কাহালু, মাদারীপুরের টেকেরহাট, টাঙ্গাইলের মির্জাপুর, কুমিল্লা, মেহেরপুরের গাংনী, কিশোরগঞ্জের কুলিয়ারচরে, গোপালগঞ্জের মুকসুদপুরসহ কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো সংবাদ।
কাহালু (বগুড়া)
গত শনিবার দুপুরে বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার পাগলাপীরে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিম (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত এবং সোহাগ (২৫) গুরুত্বর আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বাসটি আটক করেছে।
টেকেরহাট (মাদারীপুর)
গত শনিবার বিকালে টেকেরহাট-মাদারীপুর মহাসড়কের রাজৈর উপজেলার কালীবাড়ি নামক স্থানে মোটর সাইকেল ও বাস মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়। নিহতরা হলেন বাবু ফকির (২৪), নাসির (২৩) ও জাবের সরকার (২৫)। নিহতদের বাড়ি মাদারীপুরের লঞ্চঘাট এলাকায়।
মির্জাপুর (টাঙ্গাইল)
গত শনিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর-ঢাকা রোডে টেম্পো ও মিনিবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই বোন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। নিহতরা হচ্ছে ত্রিশাল উপজেলার হরিরামপুর গ্রামের খোকন মিয়ার স্ত্রী আমেনা বেগম (৩০) ও জয়দেরপুর উপজেলার ইটাখোলা গ্রামের আলহাজ্ব মিয়ার স্ত্রী আন্না আক্তার (২২)। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ অফিসার জাকির হোসেন জানিয়েছেন।
কুমিল্লা
গত শুক্রবার বিকালে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসারে মাইক্রোবাস উল্টে সোহেল (৩২) ও নূরে আলম (১০) নামের দুইজন নিহত হয়েছে। নিহত মাইক্রোবাস চালক সোহেলের বাড়ি মৌলভীবাজারের কটাচাইল ও নূরে আলমের বাড়ি চাঁদপুরের কচুয়া এলাকায়। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্বপন (৩০) নামে এক বাসের হেলপার নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে ২০ জন। নিহত বাসের হেলপার স্বপন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মৃত রাশেদ মিয়ার পুত্র বলে পুলিশ জানিয়েছে।
গাংনী (মেহেরপুর )
মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় গত বৃহস্পতিবার মিলন (২৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত ও মহিলাসহ নয়জন মারাত্মক আহত হয়েছে। আহতদেরকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত মিলন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের ডা. আয়ুব আলীর ছেলে। আহতরা হচ্ছেন-গাংনীর পশ্চিম মালসাদহ গ্রামের সিরাজুল (৬৫), হিন্দা গ্রামের অনিক (৭), হিরা (৪৫), রঞ্জনা (৭০), খুকিয়ারা (৭০), ওলিমা খাতুন (৬৫), আশরাফুন্নেছা (৬৫), ধর্মচাকী গ্রামের দাউদ মেম্বর (৫২) ও কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনিয়া গ্রামের আলাউদ্দিন মাস্টার (৫০)।
কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে মিরারচর বাসস্ট্যান্ডের নিকটে টম টম ও বাসের মুখোমুখি সংঘর্ষে গত শনিবার কুলিয়ারচর উপজেলার টিয়াকাটা গ্রামের মত্স্য ব্যবসায়ী ভজন চন্দ্র বর্মন (৪২) ঘটনাস্থলেই নিহত হয়েছে। জতীন্দ্র বর্মন (৫০) গুরুতর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছে।
মুকসুদপুর (গোপালগঞ্জ)
শনিবার ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলায় খুলনাগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙ্গে রাস্তার খাদে পড়ে। ঘটনাস্থলে নিহত হন নৌ-সেনা সদস্য আমিনুর রহমান (২৪), বাড়ি কুমিল্লার কসবায় এবং মোস্তফার (৩৫), বাড়ি খুলনার রূপসায়।
সদরপুর (ফরিদপুর)
ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াজখালীতে গত শুক্রবার দুপুরে মোটর সাইকেল চাপায় হামিদা বেগম (৫০) নামে একজন নিহত হয়েছে। মোটর সাইকেল চালক মোঃ হারুন অর রশিদ আহত হয়। নিহতের বাড়ি নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের কাউয়াখোলা গ্রামে।
কুলাউড়া (মৌলভীবাজার)
গত বৃহস্পতিবার জেলার মুক্তাগাছায় মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত বাংলাদেশ অন্ধকল্যাণ সমিতি হাসপাতালের চিকিত্সক ও সার্জন ডা. রফিকুল ইসলাম (৫২) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। চালকসহ মারাত্মক আহত ২ জনকে প্রথমে মুক্তাগাছা হাসপাতালে পরে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে ডা. রফিকুল ইসলাম মারা যান।
মতলব দক্ষিণ (চাঁদপুর)
মতলব পৌরসভার মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের মুন্সীরহাট বাজারের মসজিদের সামনে গত শুক্রবার বিকালে চাঁদপুরগামী একটি সিএনজির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে হাবিবা (৭) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়। পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাতজন গুরুতর আহত হয়। আহতদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভৈরব (কিশোরগঞ্জ)
গত শনিবার দুপুরে ঢাকা-ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের ভৈরব উপজেলার আকবর নগর বাসস্ট্যান্ডের কাছে যাত্রীবাহী বাস-নসীমনের মুখোমুখি সংঘর্ষে বজন বর্মণ (৩৫) নামে একজন নিহতসহ আহত হয়েছেন ১৫ জন। আহতদের মধ্যে হালিমা (৪৫), সুরুজ মিয়া (৩৮), জিতেন্দ্র চন্দ্র (৪৫), স্বপ্না (১৮) ও উজ্জলকে (২৫) ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
বানারীপাড়া (বরিশাল)
বানারীপাড়ায় মোটরসাইকেল ধাক্কায় এস্কেন্দার আলী মল্লি¬ক নামের এক পথচারী বৃদ্ধ গুরুতর আহত হয়েছে। শনিবার বিকালে বানারীপাড়া-বরিশাল সড়কের রায়েরহাট ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ও পরে অবস্থার অবনতি ঘটলে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। আহত এস্কেন্দার মল্লিকের বাড়ি উপজেলার নরোত্তমপুর গ্রামে। পুলিশ মোটরসাইকেলটি আটক করেছে।
হবিগঞ্জ
হবিগঞ্জে ঈদের দিন সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও দু’জন। নিহতরা হচ্ছে বানিয়াচং উপজেলার দক্ষিণ যাত্রাপাশা গ্রামের সুজন (১৮) ও বাহুবল উপজেলার লালপুর গ্রামের বিজয় দাশ (৫০)।
হাতিয়া (নোয়াখালী)
গত শুক্রবার দুপুরে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ছাত্র রাজিব ঊদ্দিন (১৮) প্রধান সড়কের খাসেরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়। নিহত রাজিব ঊদ্দিন হাতিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ওয়ালীউল্লার নাতী।
