সাকিবদের প্রথম হার

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২১:৫৪
ক্যারিবিয় প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসানের বোলিং সাফল্য, ব্যাটিং ব্যর্থতা ও তার দলের জয়; এগুলোই ছিল সর্বশেষ ম্যাচের আগে পর্যন্ত নিয়মিত চিত্র। সাকিবের নিজের পারফরম্যান্সে সেই নিয়মিত ব্যাপারটা ঠিকই থাকল। কিন্তু প্রথমবারের মতো হারের স্বাদ পেল তার দল বারবাডোজ ট্রাইডেন্টস। রবিবার (বাংলাদেশে সোমবার) গায়না অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ২৭ রানে হারল বারবাডোজ। বলাই বাহুল্য, পঞ্চম ম্যাচে বারবাডোজের এটি প্রথম পরাজয়। গায়নার ১৪৯ রানের জবাব দিতে গিয়ে ইনিংসের ২ বল বাকী থাকতে ১২২ রানে অলআউট হয়ে যায় সাকিবদের দল। সাকিব বল হাতে নিজের পারফরম্যান্সটা ভালোই ধরে রেখেছেন। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল গায়না। ইনিংসের প্রথম বলেই লেন্ডল সিমন্স আউট হয়ে ফিরলেও তাদের সে সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণ করেছেন মার্টিন গাপটিল। ৫৫ বলে ৭৩ রানের এক ইনিংস খেলে একাই টেনে নিয়ে গেছেন গায়নাকে। সঙ্গে ৩৫ রান করে সঙ্গত করছিলেন মোহাম্মদ হাফিজ। মিডল অর্ডারে বার্নওয়েল ও রামনরেশ সারওয়ানকে একই ওভারে ফিরিয়ে গায়নাকে আরো চেপে ধরেন সাকিব আল হাসান। এ দুই উইকেট শিকারের ফলে সাকিব এখন ৯ উইকেট নিয়ে আরো দুই জনের সঙ্গে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা উইকেটশিকারী। সাকিবের এ জোড়া আঘাত গায়নার ইনিংসের পরও ৯ উইকেটে ১৪৯ রান করে গায়না। জবাব দিতে নেমে সাকিব তো বটেই, পুরো বারবাডোজ দলই ব্যাট হাতে ব্যর্থ হয়েছে। ওপেনার ড্যারেন স্মিথ, শোয়েব মালিক, ব্রাথহোয়াইট এবং ১১ নম্বরে নামা হোল্ডার ছাড়া আর কেউই দুই অংকে পৌঁছতে পারেননি। এর মধ্যে মালিক ৪৮ রান করে একাই চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।