এই রিপোর্ট যখন পড়ছেন, আর কেউ না হোন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্মকর্তারা নিশ্চয়ই ততোক্ষণে জেনে গেছেন কী আছে আকসু রিপোর্টে। আজ দিনের মধ্যে সারা দেশবাসীও জেনে যাবেন আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের (আকসু) তদন্তের ফলে কী পরিণতি হতে যাচ্ছে দেশের শীর্ষ তারকাদের একজন মোহাম্মদ আশরাফুলের ভাগ্য।
এই সময়টুকু আশরাফুল-ভক্তদের যেমন টান টান উত্তেজনার মধ্যে কাটবে, তেমনই উত্তেজনা আর শঙ্কা নিয়েই অপেক্ষায় আছেন স্বয়ং আশরাফুলও। যদিও নিজের স্বীকার করা অপরাধে যে কোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত বলেই আশরাফুল সেই গোড়া থেকে বলে আসছেন। তারপরও এই অপেক্ষার মধ্যেই মনের কোণে একটু স্বপ্ন তার—যদি আবার খেলায় ফেরার মতো সময়টা পাওয়া যেত!
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরের দুটি ম্যাচ নিয়ে তদন্ত করছিল আকসু। সে দুটি ম্যাচেই সংশ্লিষ্ট দল ঢাকা গ্লাডিয়েটর্সের ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন মোহাম্মদ আশরাফুল। তদন্তের এক পর্যায়ে সংবাদ মাধ্যমেই প্রকাশ পেয়ে গেল যে, এই ফিক্সিং কান্ডে আশরাফুলই জড়িত!
আর সবাইকে হতভম্ব করে দিয়ে আশরাফুল নিজেই তার বাড়িতে বসে স্বীকার করে নেন নিজের সব অপরাধ। সেই সঙ্গে জাতির কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমাও চাইলেন তিনি। শুধু এটুকু নয়; আশরাফুল নিজের স্বীকারোক্তিতে পরিষ্কার জানিয়ে দিলেন বিপিএল ছাড়াও একাধিক আন্তর্জাতিক ম্যাচে ফিক্সিংয়ের সঙ্গে জড়ানোর মতো অন্যায় করেছিলেন তিনি।
নিজেই এতোকিছু স্বীকার করে ফেলার ফলে আশরাফুল ভালোই বোঝেন, তার জন্য হয়তো কঠোর এক শাস্তি অপেক্ষা করছে। তাই শাস্তি যেমনই হোক, সেটা মেনে নিতে মানসিকভাবে প্রস্তুত বলেই দাবি করলেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক দুনিয়া কাঁপানো এই তারকা, ‘আমি তো আগেও বলেছি, অন্যায় যখন করেছি, শাস্তি আমাকে পেতেই হবে। শাস্তি সর্বোচ্চ হলেও আমার বলার কিছু নেই। আমি সব পরিস্থিতির জন্য মানসিকভাবে তৈরি আছি।’
একজন মানুষ যখন নিজের ভুল বুঝতে পেরে অন্যায়ের শাস্তি পেতে প্রস্তুত থাকেন; তখন এভাবেই কথা বলার কথা। কিন্তু মুখে এমন কথা বললেও মনের মধ্যে স্বপ্ন তো একটু অন্যরকম থাকেই।
আশরাফুলের স্বপ্ন দেখার কিছু ভিত্তিও আছে। বাংলাদেশি এই তারকা যে আইসিসিকে অভাবনীয় সহায়তা করেছেন, সেটা তদন্তকারীরাও বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলেছেন বিভিন্ন সময়। এমনকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছেন, আইসিসি আশরাফুলের ব্যাপারে সহানুভূতিশীল। আর এসব কথা শুনে এবং নিজের ভূমিকার কথা ভেবে একটু স্বপ্ন আশরাফুল দেখছেন।
স্বপ্নটা খুব বেশি কিছু না—আরেকবার মাঠে ফেরার স্বপ্ন, ‘আইসিসির তদন্ত দলকে যেভাবে সহায়তা করেছি, তাতে একটা আশা আছে। যদি কিছুটা শাস্তি কম হয়, তাহলে আবার হয়তো খেলায় ফিরতে পারতাম। আমার তো এখন জীবনের চাওয়া এই একটাই। আমি আরেকবার ক্রিকেটে ফেরা ছাড়া আর কোনো স্বপ্ন এখন দেখি না।’
এই স্বপ্ন আশরাফুলের সত্যি হবে কি না; সেটা জানতে একটু অপেক্ষা করতেই হচ্ছে। আরও একটু দীর্ঘ হচ্ছেই আশরাফুলের অপেক্ষার যন্ত্রণা।
