বছরের অষ্টম শিরোপা জিতলেন নাদাল

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২১:৫৭
স্বাগতিক দর্শকদের হতাশ করে মন্ট্রিয়াল মাস্টার্সের শিরোপা জিতলেন রাফায়েল নাদাল। টুর্নামেন্টের ফাইনালে নাদাল গত রবিবার রাতে কানাডার মিলোস রায়োনিককে ৬-২, ৬-২ গেমে বিধ্বস্ত করে তৃতীয়বারের মত এ টুর্নামেন্টের শিরোপা জিতলেন এ স্প্যানিয়ার্ড। সবমিলিয়ে এটি তার ক্যারিয়ারের ২৫তম এটিপি। আর এ বছরের অষ্টম। র্যাঙ্কিং বা ফর্ম বিবেচনায় নাদাল এগিয়ে থাকলেও এ ম্যাচে দর্শক সমর্থন ছিল অনেকটাই রায়োনিকের পক্ষে। প্রথম কানাডিয়ান হিসেবে র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে স্থান পাওয়া রায়োনিকের সামনে ছিল দারুণ সম্ভাবনার হাতছানি। এ ম্যাচে জিততে পারলে তিনি ১৯৫৮ সালের পর প্রথম কানাডিয়ান হিসেবে এ টুর্নামেন্ট জয়ের গৌরব অর্জন করতেন। তবে দুর্দান্ত ফর্মে থাকা স্প্যানিশ প্রতিপক্ষের বিরুদ্ধে শেষ পর্যন্ত এগুলোর কোন কিছুই কাজেই আসেনি। বিশ্ব র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে থাকা নাদাল শিরোপার মীমাংসা করতে সময় নেন মাত্র এক ঘন্টা সাত মিনিট। হাঁটুর চোটের কারণে দীর্ঘ সাত মাস কোর্টের বাইরে থাকলেও সমস্যা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি সেটা জানিয়েছিলেন আগেই। উইম্বলডনের প্রথম রাউন্ডে স্টিড ডেক্রিসের কাছে হারের পেছনেও দায়ী করা হয় এ চোটকেই। তবে নাদালের খেলায় এদিন ইনজুরির প্রভাব টেরই পাওয়া যায়নি। আর সেরা ফর্মের নাদালের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি রায়োনিক। একমাত্র উইম্বলডন বাদে এ বছর খেলা অন্য প্রত্যেকটি টুর্নামেন্টের ফাইনালে খেলা এ ২৯ বছর বয়সী তাই জয়ের পরে ছিলেন দারুণ উচ্ছ্বসিত। তবে জয়ের মূল কৃতিত্ব দিলেন তার কোচিং টিমকে, ‘দুর্দান্ত একটা বছর কাটাচ্ছি আমি। তবে তাদের (দলের অন্য সবাই) সাহায্য ছাড়া এটা একেবারেই সম্ভব ছিল না। পাশাপাশি আমি বলতে চাই সমর্থকদের কথাও। পুরো সপ্তাহ জুড়ে তারা যে সমর্থন আমাকে জুগিয়েছে সেটা অবিশ্বাস্য। মন্ট্রিলের জন্য আমার হূদয়ে সবসময়ই আলাদা জায়গা বরাদ্দ থাকবে।’ এবছর এখন পর্যন্ত ৫১টি ম্যাচ খেলে ৪৮টিতেই জয় পাওয়া নাদাল প্রাপ্য কৃতিত্ব দিতে ভুল করেননি তার প্রতিপক্ষকেও, ‘দারুণ একটা সপ্তাহ এবং টুর্নামেন্টের জন্য মিলোসকে অভিনন্দন। আশাকরি তার সামনের দিনগুলোও ভালো কাটবে।’ এদিকে আগামী ২৬ আগস্ট থেকে নিউইয়র্কে শুরু হতে যাওয়া বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম ইউএস ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট সিনসিনাটি মাস্টার্সে অংশ নিতে নাদাল এরই মধ্যে পৌঁছে গেছেন সেখানে। ইউএস ওপেনের বদলে তাই এ মুহূর্তে এ টুর্নামেন্টের দিকেই পুরোপুরি মনোযোগী তিনি। ম্যাচ শেষে নাদাল বলেন, ‘যখন আমি নিউইয়র্কে যাব তখন সেটা নিয়ে চিন্তা করব। আমি সবসময়ই বর্তমান টুর্নামেন্ট নিয়ে ভাবতে পছন্দ করি। হার্ডকোর্টে আমি বেশ ভাল খেলছি। নিজের পারফরমেন্সে আমি সন্তুষ্ট। এভাবেই আমি সামনে এগিয়ে যেতে চাই।’ এদিকে শিরোপার সাথে সাথেই আরো একটি সুখবর পেয়ে গেছেন নাদাল। এটিপির পরবর্তী র্যাঙ্কিংয়েই ডেভিড ফেরারকে চারে ঠেলে দিয়ে তিন নম্বরে উঠে আসছেন তিনি।