শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২০:১৬
ঈদুল ফিতরের পর ফের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়তে শুরু করেছে। গতকাল শেয়ারবাজারে লেনদেন হয়েছে ৩২৩ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ৯৯ শতাংশ বেশি। এদিকে বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে শেয়ারবাজারের লেনদেনে ধারাবাহিকতা বজায় থাকছে না। কয়েকদিন লেনদেন ভালো হলেও পরে তা কমে যাচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে লেনদেনে স্থিতিশীলতা বজায় রাখতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো উচিত। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, অনেক কোম্পানির শেয়ারের দাম কম থাকায় বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার প্রবণতা বিরাজ করছে। ফলে গত তিন কার্যদিবস ধরে সূচক বাড়ছে। তবে বেশিরভাগ কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের ফলাফল ভালো না আসা ও সামনে রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে উঠার আশঙ্কায় অনেকেই বিনিয়োগ করছেন না। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৬২ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৩ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১৬০ কোটি ৯১ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২২৮টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের। এদিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া শেষে আজ থেকে দেশের উভয় শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতের সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের লেনদেন শুরু হচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটির আইপিওতে আবেদনে ১০ লাখ ৫৭ হাজার বা ৩৭.৭৭ গুণ আবেদন জমা পড়ে। প্রতিষ্ঠানটি ১ কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১৪ কোটি টাকা সংগ্রহ করেছে। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ১০ টাকা এবং ৫০০টি শেয়ারে মার্কেট লট। ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরশেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ২১ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১১ দশমিক ২৮ টাকা।