হরতাল করে রায় বদলানো যায় না :আইনমন্ত্রী

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২১:৩৭
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, হরতাল ও সভা-সমিতি করে রায় বদলানো যায় না। হরতালের নামে অরাজকতা বা সহিংসতা সৃষ্টির চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে। তিনি বলেন, আদালত কোন রায় দিলে সেটা সবারই মেনে নেয়া উচিত। রায়ের বিরুদ্ধে আপিলের ব্যবস্থা আছে। আপিল বিদ্যমান থাকা অবস্থায় বা আপিলের রায় আসার পর বা কোন রায়ের পর এর বিরুদ্ধে হরতাল ও রাস্তায় বিশৃংখলা সৃষ্টি আইনের শাসনের পরিপন্থি। নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার আইনমন্ত্রী এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, আইনের শাসনের উপর গণতন্ত্র নির্ভর করে। আইনের শাসনের ভিত্তি হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। এর উপর সকলের আস্থা থাকতে হবে। তা না হলে গণতান্ত্রিক ব্যবস্থা ও এর প্রাতিষ্ঠানিকীকরণ এগিয়ে যেতে পারে না। এর আগে ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবনিযুক্ত সহকারী জজদের জন্য আয়োজিত ২৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মন্ত্রী। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক মো. মফিজুল ইসলাম বক্তব্য রাখেন। দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।