বিশ্ব দাবা থেকে জিয়ার বিদায়

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২১:৫২
বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান বিশ্বদাবা চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছেন। দ্বিতীয় রাউন্ডে ড্র করায় তাকে বিদায় নিতে হয়েছে। প্রথম রাউন্ডে জিয়া হেরে গিয়েছিলেন শক্ত প্রতিপক্ষ বিশ্বের ১১ নম্বর দাবাড়ু ইসরাইলের গেলফান্ডের বিরুদ্ধে। যার রেটিং ২৭৭৩। আর জিয়ার রেটিং ২৪৭০, বলে দিচ্ছে পার্থক্যটা কতদূর। সোমবার দ্বিতীয় খেলায়ও তিনি এই একই প্রতিপক্ষের মুখোমুখি হন। জিতলে প্লে-অফ ম্যাচের সুযোগ আসতো জিয়ার সামনে; কিন্তু কঠিন লড়াইয়ের পর ড্র হওয়ায় প্লে-অফের সুযোগ বন্ধ হয়ে যায়। আর ড্র নিয়েই সান্ত্বনা পেতে হলো জিয়াকে। নরওয়ের ট্রমসো শহরে অনুষ্ঠানরত বিশ্বকাপ দাবার দ্বিতীয় খেলায় রাউন্ডে জিয়া ইসরাইলের গেলফান্ডের বিরুদ্ধে সাদা ঘুঁটি নিয়ে শুরু করেন। কুইন পন ওপেনিংয়ের ট্রমপোস্কি বিশ্লেষণ ২৫ চালের পর জিয়া ভাল অবস্থান পেয়েও জয় পাননি দুর্ভাগ্যজনকভাবে। একটা সময় গেলফান্ড ভেবে ছিলেন ম্যাচটা হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভেবে জিয়ার প্রতিপক্ষ গেলফান্ড ড্রয়ের জন্য খেলতে থাকেন। শেষ পর্যন্ত ভাগ্য মুখ ফিরিয়ে নেয় জিয়ার উপর থেকে। পরবর্তীতে ১০৩ চালে খেলাটি ড্র হলে বেঁচে যান গেলফান্ড। দুই খেলায় আধ পয়েন্ট পাওয়ায় জিয়া বিশ্ব দাবার আসর থেকে বিদায় নিলেন। আর প্রতিপক্ষ গেলফান্ড দুই খেলায় দেড় পয়েন্ট পেয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হন। নিজের চেয়ে ৩০৩ রেটিং বেশি এগিয়ে থাকা প্রতিপক্ষ গেলফান্ডের সাথে দুই খেলায় একটিতে ড্র করায় জিয়ার রেটিং ২ বৃদ্ধি পাবে। ১২৮ দাবাড়ুর মধ্যে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছেন ৬৪ জন। বাদ পড়েছেন ৬৪ জন। বিশ্ব কাপ দাবার শীর্ষ দুই দাবাড়ু আগামী ২০১৪ সালের মার্চ মাসে অনুষ্ঠিতব্য ফিদে ক্যান্ডিডেট টুর্নামেন্টে খেলবেন এবং ক্যান্ডিডেট টুর্নামেন্টের বিজয়ী ২০১৪ সালের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার নির্বাচিত হবেন। জিয়া আজ ঢাকায় ফিরছেন।