দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ক্রিকেট লিজেন্ড পাকিস্তানের হানিফ মোহাম্মদ সুনীল গাভাস্কারের ভূয়সী প্রশংসা করে তাকে ‘প্রকৃত লিটল মাস্টার’ হিসেবে অভিহিত করেছেন। ক্রিকেটের লিটল মাস্টার খ্যাত হানিফ মোহাম্মদ চিকিত্সার জন্য বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন। সেখানে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন ভারতীয় আইকন গাভাস্কার। গাভাস্কারের এমন সৌজন্যবোধে ‘দারুণ উচ্ছ্বসিত’ হানিফ বলেন, বাস্তবতা হচ্ছে গাভাস্কার এক নম্বর লিটল মাস্টার। লিটল মাস্টারের তালিকায় কেবলমাত্র ভারতীয় দলের সাবেক এ ওপেনারের পরই তার নিজের নাম আসতে পারে। দেশে ফিরে হানিফের ছেলে জানান, তার বাবা লন্ডনে চিকিত্সাধীন অবস্থায় সাবেক অনেক ক্রিকেটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ফোন পেয়েছেন। গাভাস্কার ছাড়াও রমিজ রাজা, জহির আব্বাস, সরফরাজ নওয়াজ, আসিফ মাসুদ, আসিফ ইকবাল সকলেই ফোন করে তার বাবার খবর নিয়েছেন।
