আকসু’র সেরা সাফল্য?

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২১:৫৩
ইন্টারনাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘হাই প্রোফাইল’ দলের বহর দেখে একটা ব্যাপার মোটামুটি নিশ্চিন্ত হয়ে বলে দেয়া যায় যে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কেলেঙ্কারির কথা ফাঁস করে দেয়াকে এখন পর্যন্ত নিজেদের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছে আইসিসি’র দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট। আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনও এমনটাই মনে করছেন বলে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানালেন। স্পট ফিক্সিংয়ের দায়ে পাকিস্তানের তিন ক্রিকেটারের জড়িত থাকার প্রমাণ পাওয়াকে এতোদিন আকসুর সবচেয়ে বড় সাফল্য মনে করা হত। তবে, সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের সেই ঘটনা উদঘাটন করেছিল মূলত নিউজ অব দ্য ওয়ার্ল্ড তাদের ‘স্টিং অপারেশন’-এর সাহায্যে। তাই, সব মিলিয়ে এবারই প্রথম এককভাবে কোন ফিক্সিং কেলেঙ্কারির তদন্তে সাফল্যের মুখ দেখলো আকসু। তাই গতকাল নিজেদের বড় একটা বিজ্ঞাপনই করে ফেললো তারা। আইসিসি’র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘অনেক কম সামর্থ্য আর অনেক সীমাবদ্ধতা নিয়ে আমাদের কাজ করতে হয়। এসব নিয়েই আমরা তথ্য প্রমাণ নিয়ে কাজ করেছি এবং সবশেষে এমন একটি জটিলতার অবসান ঘটিয়েছি। আর সব তদন্তের আমরা একটি সমাধানে আসতে পেরেছি বলে আমি সন্তুষ্ট।’ এখানেই থামছে না আকসুর সাফল্য নিয়ে আইসিসি’র প্রধান নির্বাহীর স্তুতি, ‘তদন্তের খাতিরে, বিপিএল ২০১৩-এর সাথে জড়িত বেশ অনেকজনের সাথে আমাদের কথা বলতে হয়েছে। এর ফলে আমরা তদন্তের জন্য অনেক তথ্য-প্রমাণ হাতে পেয়েছি। ফলে সব মিলিয়ে আমাদের কাজটা সহজ হয়েছে।’