ময়মনসিংহে লিফটে আটকে রোগীর মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি \ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের লিফটে আটকা পড়ে মোশাররফ হোসেন নামে এক রোগীর মৃত্যু ঘটেছে। গত সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্র জানান, গফরগাঁওয়ের মোশাররফ হোসেন (৩৫) বুকে ব্যথা নিয়ে জরুরি বিভাগে এলে তাকে হাসপাতালের দোতলার সিসিইউতে নেয়ার সময় লিফট আটকে যায়। মোশাররফ লিফটে প্রায় এক ঘণ্টা আটকে থাকার পর তার মৃত্যু ঘটে।
ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী গ্রেফতার
ভ্রাম্যমাণ প্রতিনিধি\ গত সোমবার পুলিশ ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের সামনে থেকে ৭টি রামদাসহ আব্দুস ছাত্তার নামে এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে। নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামসুদ্দিন আহমেদ জানান, সে আরো ১০-১২ জনসহ একটি আলমসাধুতে চড়ে পুলিশ ক্যাম্পের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় ঝিনাইদহের জেলা প্রশাসক শফিকুল ইসলাম ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তার নজরে পড়লে তিনি পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দেন।
হাজীগঞ্জে ছাত্রলীগ নেতার মুক্তি দাবিতে বিক্ষোভ
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা \ হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সভাপতি শুকর আলম শুভ’র মুক্তি দাবিতে গত ১০ আগষ্ট উপজেলা ও শহর ছাত্রলীগের উদ্যোগে হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড থেকে মিছিল বের করা হয়। মিছিল শেষে হাজীগঞ্জ প্লাজার সম্মুখে এক বিক্ষোভ সমাবেশ সভা করা হয়। সমাবেশে শুভ’র মুক্তি দাবি করে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নাচোলে ইভটিজারের দেড় মাসের কারাদণ্ড
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা\ নাচোলে এক ইভটিজারকে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার শ্রীরামপুর এলাকার জনৈক ব্যক্তির এক কিশোরীকে মোবাইল ফোনে অশালীন ভাষায় গালিগালাজ ও ম্যাসেজ দেয়ায় দেওপাড়া গ্রামের সুবোধ ঘোষের ছেলে সুমন ঘোষকে (২৫) এ দণ্ডাদেশ দেয়া হয়। গত সোমবার ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সুফিয়া আক্তার রুমীর সামনে সুমন ঘোষ তার অপরাধ স্বীকার করলে তিনি দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রাণীনগরে মাদকসেবীর জরিমানা
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রাণীনগরে ৮ মাদকসেবীর জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, উপজেলার দুর্গাপুর গ্রামের একরাম হোসেন, নাহিদ, মুক্তার হোসেন, সরবরামপুর গ্রামের আনিছুর, কাশিমপুর গ্রামের ইয়ারুল, দক্ষিণ রাজাপুর গ্রামের রুঞ্জু হোসেন, আত্রাই উপজেলার বিহারীপুর গ্রামের সুমন হোসেন, ঘোষগ্রামের সুমন হোসেনকে গত সোমবার উপজেলার হাসপাতাল মোড় ও নগর ব্রিজ নামক স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে প্রত্যেককে নগদ পাঁচশ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল ইসলাম পাটওয়ারী।
চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা\ কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন মাধাইয়া বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক হাবিব জানান, নিহত জয়নাল আবেদীন চান্দিনার একটি মত্স্য খামারে দিনমজুরের কাজ করতো। ঈদ শেষে সে মাধাইয়া স্টেশনে পৌঁছে সিএনজি অটোরিক্সাযোগে গন্তব্যস্থলে যাওয়ার সময় দ্রুতগামী অজ্ঞাতনামা একটি গাড়ি সিএনজি অটোরিক্সাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বান্দরবানের লামায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
বান্দরবান প্রতিনিধি \ বান্দরবানের লামায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিনসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি এ ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, সেনাবাহিনীর আলীকদম জোন কমান্ডার আলমগীর কবির, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজী মুজিবর রহমান, লামা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাঈলসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কচুয়া ছাত্রলীগের সম্মেলন
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা\ কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সম্মেলন গত সোমবার নলুয়া বাজারস্থ ইউনিয়ন কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হয়। আনোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী পাটওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম প্রমুখ।
সেনবাগে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পশ্চিম পরিকোর্ট গ্রামে গত সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এবং আশপাশের আরো দুটি দোকান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চার লাখ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে বলে দোকান মালিকদের দাবি। স্থানীয় লোকজন জানায়, রাত ৩টার দিকে হঠাত্ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আবুল হাসেমের দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়।
ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা \ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় গত সোমবার বিকালে ময়মনসিংহগামী যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক বুরহান উদ্দিন (২২) নিহত হয়। এ সময় মোটর সাইকেলের অপর আরহী নাজমুল (২০) গুরুতর আহত হয়। নিহত বুরহান উদ্দিন ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামের শামছুল হকের পুত্র।
চরভদ্রাসনে দুস্থ পরিবারে বস্ত্র বিতরণ
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ১১টি গ্রাম ঘুরে ঘুরে গত দু’দিন ধরে দুস্থ পরিবারের মাঝে বেসরকারিভাবে মোট ১ হাজার ৬শ’ ৮০ পিচ নতুন শাড়ি কাপড় ও লুঙ্গি বিতরণ করেছেন শিল্পপতি আলহাজ্ব মোঃ কাউছার। তিনি গতকাল মঙ্গলবার উপজেলার দুস্থ পরিবারের মাঝে এসব বস্ত্র বিতরণ করছেন বলে জানা যায়।
মাগুরায় ছাত্রদল নেতার মুক্তি দাবিতে মানববন্ধন
মাগুরা প্রতিনিধি \ সোমবার দুপুরে মাগুরা শহরে জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি কলেজ শাখার উদ্যোগে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে। জেলা প্রেসক্লাবের সামনে ছাত্রদল নেতাকর্মীরা এ মানববন্ধন করে। মানববন্ধনে ছাত্রদল নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। তারা অবিলম্বে আব্দুর রহিমের মুক্তি দাবি করেন।
মনোহরগঞ্জে ছাত্রদলের পরিচিতি সভা
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা\ গত সোমবার বিকালে কুমিল্লার মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন ছাত্রদলের পরিচিতি সভা হাসনাবাদ বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি কর্ণেল (অবঃ) এম আনোয়ারুল আজিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন, আবুল বাশার কিরন, এস এম মনসুর, সাধারণ সম্পাদক শরীফ হোসেন চেয়ারম্যান প্রমুখ।
দোয়ারায় শ্বশুর বাড়িতে যুবকের মৃত্যু
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা\ দোয়ারাবাজারে শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে শফিকুল হক (৩০) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামের রমিজ আলীর পুত্র। ঈদ উপলক্ষে পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে যায় শফিকুল হক। গত সোমবার দেখার হাওরের একটি গাছের সাথে গলায় রশি বাঁধা ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করেছে। পরে ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
সরাইলে মাইক্রোবাসের ধাক্কায় কৃষকের মৃত্যু
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর সেতুর কাছে গত সোমবার একটি মাইক্রোবাসের ধাক্কায় মো. হেলাল মিয়া (৪৫) নামের এক কৃষক মারা গেছেন। পুলিশ জানায়, কৃষক মো. হেলাল মিয়াকে শাহবাজপুর সেতুর কাছে বেপরোয়া গতির একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর তিনি মারা যান।
