মোহাম্মদ আশরাফুলের স্বীকারোক্তিতেই বেরিয়ে এসেছিল- শুধু বিপিএল নয়, এর আগে আন্তর্জাতিক ম্যাচগুলোতেও হয়েছে স্পট ফিক্সিং। তবে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট আন্তর্জাতিক ম্যাচগুলো নিয়ে কোন তদন্ত করেনি বলে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানানো হয়। তাদের তদন্ত ছিল শুধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর নিয়ে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছে, ফিক্সিংয়ে তারা মোট নয় জনকে অভিযুক্ত করেছে। বিসিবির দুর্নীতি বিরোধী আইনের আওতায় বিপিএল ২০১৩ আসরে এই নয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘আমরা শুধু বিপিএলের দ্বিতীয় আসর নিয়ে তদন্ত করেছি। তবে ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচ নিয়েও তদন্ত হতে পারে।’
