ঢাকায় এলেন কলকাতার দুই জনপ্রিয় শিল্পী ‘আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম’খ্যাত শ্রীকান্ত আচার্য এবং ‘বেনী মাধব’খ্যাত লোপামুদ্রা মিত্র। দেশ টিভির ঈদ আয়োজনের বিশেষ লাইভ অনুষ্ঠান ‘কলের গান’-এ অংশ নিতেই ঢাকায় আগমন তাদের। ঢাকায় এসে উঠেছিলেন ঢাকা ক্লাবে। গত ১২ আগস্ট রাতে দেশ টিভিতে সরাসরি গেয়েছেন লোপামুদ্রা মিত্র এবং ১৩ আগস্ট রাতে সরাসরি একই অনুষ্ঠানে গান ও গল্প শোনান শ্রীকান্ত আচার্য। ১৩ আগস্ট বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত এই দু’জনকে নিয়ে ঢাকা ক্লাবের অতিথিশালায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওই দিন বিকাল ৪টার ফ্লাইটেই কলকাতা ফিরে যান লোপামুদ্রা মিত্র। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা, শুধু প্রশ্নই নয়, ক্যারিয়ারের অনেক গল্পও শেয়ার করেছেন তারা। তারা আরও জানিয়েছেন, বাংলা গান শুধুমাত্র বাংলাদেশিরাই পরিপূর্ণ আবেগ দিয়ে শোনেন এবং বুঝেন। যা কলকাতার শ্রোতাদের মধ্যে পাওয়া যায় না। আর এসব প্রশ্ন ও গল্পগুলো সাক্ষাত্কার আকারে ইত্তেফাক বিনোদন প্রতিদিন-এ প্রকাশ হবে আগামীকাল ও এর পরদিন। উল্লেখ্য, এই অল্প সময়ের সফরেই ঢাকার চলচ্চিত্রে প্লে-ব্যাকের জন্য একাধিক চিত্রপরিচালকের প্রস্তাব পেয়েছেন তারা।
