মন্দের ভালোয় ‘ঈদ অডিও বাজার’

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২০:৩৮
এবারের ঈদে দীর্ঘদিন পর একাধিক তারকাসমৃদ্ধ অ্যালবাম বাজারে বেরিয়েছে। বাজার মন্দা, মুঠোফোনে বায়বীয় অ্যালবামে বাজার সয়লাব ও ফ্রি ডাউনলোডের পরও এবারে কিছুটা হলেও শ্রোতারা নিখুঁত সাউন্ড শোনার জন্যই ঈদের অডিও অ্যালবাম কেনার প্রবণতা বাড়িয়েছে । সারসংক্ষেপ হিসেবে বলতে গেলে এটাই ছিল এবারের ঈদের অডিও বাজারের চালচিত্র। আলোচনায় আসা অডিও বাজারের চালচিত্র বিশ্লেষণ করলে গত ঈদের সবচেয়ে আলোচনায় থাকা অ্যালবামগুলো প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এর ভেতর আরফিন রুমীর ‘পরজনম’ এবং পড়শীর ‘পড়শী থ্রি’। রুমির স্ক্যান্ডাল, প্রথম স্ত্রী ও দেশত্যাগ এবং অ্যালবাম রিলিজের সময় দেশের বাইরে অবস্থান করায়, একই সাথে সুফি ঘরানার দুর্বল লিরিকের কারণেই অ্যালবামটি মুখ থুবড়ে পড়েছে বলে অনেকে মন্তব্য করেছেন। অ্যালবামটি প্রসঙ্গে দৈনিক ইত্তেফাকের বরিশাল প্রতিনিধি জানান, ‘এখানে গত বছরেও রুমীর একটা আলাদা চাহিদা ছিল। কিন্তু এবারে অন্য মিক্সড অ্যালবাম ও আসিফের অ্যালবামের চাহিদা বেড়েছে। তারকাদের ব্যক্তিজীবনের নোংরা স্ক্যান্ডাল ক্যারিয়ারে প্রভাব ফেলে এটাই তার প্রমাণ।’ একইভাবে হুট করে নিজের সলো অ্যালবামে হিন্দি গান সংযোজন পড়শীর অ্যালবামের জন্য নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো হয়েছে। কারণ হিসেবে আমাদের কুষ্টিয়া প্রতিনিধি সোহেল হাবিব উত্তরবঙ্গের বেশ কিছু সিডি দোকানে ঘুরে জানান, ‘আমাদের দেশে এমনিতেই হিন্দি ছবি রিলিজের সাথে সাথে সেই গানটি তারা হাতে পেয়ে যায়। সেখানে পড়শীর আনকোরা হিন্দি উচ্চারণে দর্শকেরা আরও ধাক্কা খেয়েছেন, বিরক্ত হয়েছেন। আর বাংলা অ্যালবামের ভেতরে এই জগাখিচুড়ি এক্সপ্রেরিমেন্টও অনেকে পছন্দ করেননি। সবমিলিয়ে গানের কম্পোজিশনেও একঘেয়েমির অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে যথারীতি দীর্ঘদিন পর আমাদের এই মন্দের ভালো ইন্ডাস্ট্রিতে আসিফ এবারেও বিক্রিতে শীর্ষে অবস্থান করেছেন। আসিফের পুরোনো ক্রেজ আর নেমভ্যালুর ওপরেই কাটতি বেড়ে গেছে বেশ। তবে এখনও সেই অর্থে গান বের হয়নি এই অ্যালবামের। আর সাউন্ড আউটপুটের দিক দিয়ে পুরোনো ঘরানার সাউন্ডের সাথে তরুণেরা খাপ খাওয়াতে পারেননি। অনেকেই জানিয়েছেন সময়ের সাথে সাথে আসিফের গানের প্যাটার্ন ও সাউন্ডটা কিছুটা বদলানো গেলে এই বিক্রি নতুন রেকর্ড তৈরি করতে পারত। ব্যান্ড অ্যালবামের ভেতরে সবাইকে ছাড়িয়ে গেছে ‘শিরোনামহীন’। তারা নিজেরাই ভিন্ন মোড়কে রকমারির ব্যানারে অ্যালবাম বের করেছে। অ্যালবামের মূল্য বেশি হওয়া সত্ত্বেও সিডির আকর্ষণীয় মোড়কে শহুরে শ্রোতারা অ্যালবামটি লুফে নিয়েছে। গানের বিচারে এখনও নতুনভাবে কোনো কিছু যদিও বেরিয়ে আসেনি। অন্যদিকে ‘চিরকুট’ শহুরে ঘরানার ব্যান্ড। একটি নাটকের টাইটেল আলোচিত হওয়ার পর সেই নামেই তারা অ্যালবাম বের করে ‘যাদুর শহর’। তবে ঈদের একেবারে শেষ পর্যায়ে অ্যালবামটি রিলিজ হওয়ায় শহুরে এই ব্যান্ডদলটির প্রায় একইরকম সুরের গানগুলো প্রত্যাশা ছুতে পারেনি। ব্যান্ড অ্যালবামের শ্রোতারা অনেকদিন পর অবসকিউরের ‘ফেরা’কে বেশ ভালোভাবে গ্রহণ করেছেন। তবে শিরোনামহীনের মতো অবসকিউরও তাদের সিডির সাথে নিজেদের লোগোসমৃদ্ধ টিশার্ট বিক্রি করেছেন নতুন চমক তৈরিতে। একই ভাবে বিলম্বে রিলিজ দেওয়ায় প্রিন্স মাহমুদের ‘নিমন্ত্রণ’ও খুব একটা আলোচনায় আসেনি। তবে তার এই অ্যালবাম প্রসঙ্গে আমাদের চট্টগ্রাম প্রতিনিধি জানিয়েছেন প্রিন্স মাহমুদের জন্য যেমন অনেক ব্যান্ড তারকা বারবার আলোচনায় এসেছে, তেমনি আইয়ুব বাচ্চু-জেমসের বলিষ্ঠ কণ্ঠের কারণেই আজ প্রিন্স মাহমুদ হতে পেরেছেন। সেই হিসেবেই প্রিন্স মাহমুদের বলিষ্ঠ সুর-ছন্দ তার এই অ্যালবামে পাওয়া যায়নি।’ মিক্সড অ্যালবামের ক্ষেত্রে এবারের ঈদের সবচেয়ে ব্যয়বহুল ও তারকাসমৃদ্ধ অ্যালবাম ‘অমিয়সুধা’। এই অ্যালবামে কলকাতার সোমলতার গাওয়া ‘আকাশটাকে’ গানটি শ্রোতাপ্রিয়তা পায়। পাশাপাশি এলিটা, পড়শী, শহীদসহ সময়ের জনপ্রিয় তারকারা এক অ্যালবামে থাকার কারণে অ্যালবামটি সহজেই গ্রহণযোগ্যতা পায় এবং আলোচনায় চলে আসে। এর বাইরে বেশ ক’জন শিল্পী তাদের পুরোনো অ্যালবামের জনপ্রিয়তাকে কাজে লাগাতে গিয়ে ব্যর্থ হয়েছেন। তবে এ ক্ষেত্রে শহীদ ব্যতিক্রমী একটি উপায়ে পথ হেঁটেছেন। তার ‘নীল ছোঁয়া’ একদিকে সলো অ্যালবাম হিসেবে প্রকাশ পেলেও এটা মূলত একটি মিক্সড অ্যালবাম হিসেবেই শ্রোতারা গ্রহণ করেছেন। কারণ শুভমিতা, কণা, কোনালসহ একাধিক তারকাশিল্পীদের সাথে তিনি দ্বৈত গান করেছেন। ফলে দ্বৈত গানের এই বাজার চলতি সময়ে প্রত্যাশিত সাফল্য তিনি পেয়েছেন। প্রত্যাশা ছোট থাকলে এবং কাজের প্রতি নিষ্ঠা থাকলে শ্রোতারা সেই ফলাফল দেন তার প্রমাণ রাফাতের সুফি অ্যালবাম ‘সুফিয়ানা’ এবং আমিরুল মোমেনিন মানিকের ‘অবাক শহরে’-এর সাফল্য। অ্যালবাম দুটি ভালো গান ও গায়কীর কল্যাণেই শ্রোতামুগ্ধতা পেয়েছে। ঈদের আলোচিত দশ ১. এক্স প্রেম (আসিফ) ২. শিরোনামহীন (ব্যান্ড অ্যালবাম) ৩. অমিয়সুধা (মিক্সড) ৪. নীল ছোঁয়া (শহীদ) ৫. পরজনম (আরফিন রুমী) ৬. নিমন্ত্রণ (মিক্সড) ৭. পড়শী-থ্রি (পড়শী) ৮. ইচ্ছে হয় (ফাহমিদা নবী) ৯. ফেরা (অবসকিউর) ১০. সুফিয়ানা (রাফাত)/ অবাক শহরে (মানিক)