রাজধানীর আশকোনায় হজ্ব ক্যাম্প প্রস্তুত করার কাজ শুরু হয়েছে। হজ্ব ক্যাম্পের হজ্বের কার্যক্রম আগামী ৬ সেপ্টেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের হজ্ব ফ্লাইট শুরু হচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর। আর হজ্ব শেষে ১৯ অক্টোবর থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট।
গতকাল বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। হজ্ব প্রস্তুতি সভা শেষে ধর্ম সচিব সাংবাদিকদের জানান, আগামী ৩ সেপ্টেম্বর হজ্ব ক্যাম্প খুলে দেয়া হবে। আর সেদিন থেকেই হজ্বযাত্রীরা ক্যাম্পে আসতে শুরু করবেন। এবার ৮৯ হাজার ১৭৯ জন বাংলাদেশি পবিত্র হজ্বব্রত পালন করতে পারবেন। সরকারি ব্যবস্থাপনায় এক হাজার ৫৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭ হাজার ৫৯০ জন সৌদি আরবে যাবেন। তিনি আরো জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ৪৫ হাজার হজ্বযাত্রী আনা-নেয়া করবে। অবশিষ্ট ৪৪ হাজার ১৭৯ জন হজ্বযাত্রী সৌদি আরবে আনা-নেয়া করবে সৌদি এয়ারলাইন্স। হজ্ব উপলক্ষে হজ্বব্রত পালনে সৌদি আরবে গিয়ে ফিরে না আসার ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে টাস্কফোর্স গঠন করা হয়েছে।
