জেসমিনের জামিন বাতিলে আবেদন করবে দুদক

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২১:৫৭
এগারোটি দুর্নীতির মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের পাওয়া জামিন বাতিলের জন্য হাইকোর্টে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই মোতাবেক ইতিমধ্যে কমিশন তিনটি মামলায় জামিন বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন দাখিল করেছেন। আগামী সপ্তাহে বাকি ৮টি মামলার জামিন বাতিলের আবেদন দেয়া হবে বলে জানা গেছে। গত ৪ অক্টোবর হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ২৭ জনকে আসামি করে অর্থ পাচার সংক্রান্ত ১১টি দুর্নীতির মামলা দায়ের করে দুদক। মামলার এজাহারে সোনালী ব্যাংকের হোটেল রূপসী বাংলা শাখা থেকে মোট দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা পরস্পর যোগসাজশে আত্মসাত্ করার অভিযোগ আনা হয়। এসব মামলায় গত ৭ ফেব্রুয়ারি জেসমিনকে জামিন দেয় ঢাকা মহানগর দায়রা জজ আদালত। পরবর্তীকালে এসব মামলায় দেয়া জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কেন জামিন বাতিল করা হবে না এইমর্মে রুল জারি করেন। পরে হাইকোর্টের নির্দেশ সাপেক্ষে জেসমিনের জামিন বাতিল করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। এর ৫ মাস পর পুনরায় জামিন চেয়ে একই আদালতে আবেদন করেন জেসমিন ইসলাম। প্রতিমাসে ১০০ কোটি টাকা ঋণ ফেরত প্রদানের শর্তে গত ৪ আগস্ট জেসমিনকে ১১টি মামলায় জামিন দেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক। এই জামিন বাতিল চেয়ে গত দুইদিনে হাইকোর্টে তিনটি আবেদন করেছে দুদক। কমিশনের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান ইত্তেফাককে বলেন, অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে জামিন বাতিলের আবেদনগুলো শুনানির জন্য উত্থাপন করা হবে।