স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা জনগণ মানবে না

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২১:৫৭
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, নির্বাচন না হলে প্রধানমন্ত্রী দেশ চালাবেন বলে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম যে বক্তব্য রেখেছেন তাতে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পূর্বাভাস লক্ষ্য করা যায়। আওয়ামী লীগ সাংবিধানিকভাবে স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করলে দেশের জনগণ তা কোনভাবেই মেনে নেবে না। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, সংসদের মেয়াদ শেষ হলে একদিনও ক্ষমতায় থাকার কারো নৈতিক অধিকার নেই। আওয়ামী লীগ বার বার বলছে ‘কোন অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিবে না’। যদি তাদের বক্তব্য সঠিক হয়, তাহলে জনগণ আওয়ামী লীগকে পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছে। পাঁচ বছর পর একদিনও যদি তাদের হাতে ক্ষমতা থাকে তাহলে সেটাও তো অনির্বাচিত সরকার হবে। -প্রেস বিজ্ঞপ্তি