বাংলাদেশ ব্রাজিলের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সংকল্পবদ্ধ :প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২১:৫৮
ঢাকায় পুনরায় আবাসিক মিশন চালু করায় ব্রাজিলকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ল্যাটিন আমেরিকার এদেশটির সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তোলায় সংকল্পবদ্ধ। বাংলাদেশে ব্রাজিলের নবনিযুক্ত রাষ্ট্রদূত ওয়ানজা ক্যামপোস ডা নোবরেগা বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে সাক্ষাত্ করলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান। দু’দেশের রাজধানীতে আবাসিক মিশন চালুর পর ব্রাজিলের রাষ্ট্রদূত এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে শেখ হাসিনা বাংলাদেশে অবস্থানকালে ওয়ানজার সুখী ও সফল কর্মজীবন কামনা করেন। তিনি নতুন দূতকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ‘ফুটবলের জন্য বাংলাদেশের ঘরে ঘরে ব্রাজিলের নাম’ উল্লে¬খ করে প্রধানমন্ত্রী বলেন, নতুন রাষ্ট্রদূত ব্রাজিলে আসন্ন বিশ্বকাপের সময় এদেশের ফুটবলপ্রেমীদের এই উদ্দীপনা প্রত্যক্ষ করবেন। আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক জোরদার হবে- এ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, শুল্কমুক্ত সুবিধার সঙ্গে বাংলাদেশের পাট, তৈরি পোশাক ও ওষুধসহ প্রধান প্রধান রফতানি পণ্য ব্রাজিলে নতুন বাজার সুবিধা খুঁজে পাবে। বিভিন্ন বহুমুখী ফোরামে ব্রাজিলের ভূমিকা বৃদ্ধির উল্লেখ করে প্রধানমন্ত্রী ২০১৫ সালে ‘হিউম্যান রাইটস কাউন্সিল’ এবং ২০১৬-১৭ কার্যকালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি দেশটির সমর্থন কামনা করেন। প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রদূতের মাধ্যমে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা বানা রুসেফকে অভিনন্দন জানান। অন্যান্যের মধ্যে এ্যাম্বাসেডর এট লার্জ এম জিয়াউদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম ওয়াহিদ উজ জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্ল¬া ওয়াহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।