জামায়াত-বিএনপি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২১:৫৮
বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আদালতের বিরুদ্ধে হরতাল ডেকে জামায়াত-বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, এ হরতাল সরকারের বিরুদ্ধে নয়, আদালত ও সংবিধানের বিরুদ্ধে। জামায়াত-বিএনপি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। হাছান মাহমুদ বুধবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘অপপ্রচার ও ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধের চেতনাকে বাধাগ্রস্ত করা যাবে না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সংগঠনের সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন। হাছান মাহমুদ বলেন, যারা দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যারা অন্যায়ভাবে ইন্টারনেটে বিদেশি বিভিন্ন ছবি বাংলাদেশি বলে প্রচার করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরও বিচারের আওতায় আনা হবে। কামরুল ইসলাম বলেন, জামায়াত-বিএনপি সন্ত্রাস চালাচ্ছে। তারা রাজনীতির নামে জনগণকে বিভ্রান্ত করছে। তারা দেশকে ও দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে লিপ্ত হয়েছে।