জিয়ার সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে এ দল

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২২:১১
ব্যাট হাতে গত বেশ কিছুদিনের ব্যর্থতা তার ব্যাটসম্যান পরিচয়টা প্রায় ভুলিয়েই দিতে যাচ্ছিল। তবে সাত নম্বরে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি করে গতকাল আরো একবার নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিলেন জিয়াউর রহমান। মাত্র ৬৯ বলে করা ১০৩ রানের এই ঝড়ো ইনিংসটির কল্যাণেই গতকাল চতুর্থ প্রস্তুতি ম্যাচে ট্রেন্টব্রিজে নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ এ দল। টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দলকে প্রথম ধাক্কাটা দেন পেসার জর্জ বেকন। ইনিংসের দ্বিতীয় ওভারেই অধিনায়ক জহিরুল ইসলামকে ব্রেট হাটনের ক্যাচ বানান তিনি। একটু বাদেই ফিরে যান রকিবুল ইসলামও। তবে আরেক ওপেনার শামসুর রাহমান, মমিনুল হকের সাথে জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধার করেন। তবে দলীয় শতরানের পরপরই দুই ওভারের মধ্যে দুজনেই ফিরে গেলে আবারও বিপদে পড়ে সফরকারিরা। ঊনত্রিশ তম ওভারে জিয়া যখন মাঠে নামেন দলের স্কোর তখন পাঁচ উইকেটে ১৩৬। পরিস্থিতি অনুযায়ী শুরুতে দেখেশুনে খেলতে শুরু করলেও সময় গড়ানোর সাথে সাথেই পরিচিত রূপে ফিরতে শুরু করেন তিনি। ইনিংসের ৪৩ তম ওভার শেষেও জিয়ার রান ছিল ৪৫ বলে ৩২! এর পরের ওভারেই ঝড় শুরু করেন তিনি। পল ফ্রাঙ্কসকে এক ওভারে দুই ছয় এবং এক চার মেরে শুরু। এরপর হাটনকে বাউন্ডারি হাকিয়ে ৫০ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। এই ওভারে আরেকটি ছয়ের পাশাপাশি পরবর্তী ওভার থেকে আসে আরো দুটি ছয়। হাটনের পরের ওভার থেকে আসে আরো দুটি ছয়। ৪৮ তম ওভার শেষে তার স্কোর দাঁড়ায় ৬১ বলে ৯১। শেষ ওভারে সেঞ্চুরির জন্য জিয়ার প্রয়োজন ছিল দুই রান। চতুর্থ বলে স্ট্রাইক পেয়েই কাঙ্ক্ষিত শতরানের দেখা পান তিনি। দলের স্কোর দাঁড়ায় সাত উইকেটে ২৯২। জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ২০ ওভার শেষে স্বাগতিক ক্লাবের স্কোর ছিল তিন উইকেটে ৬০ রান।