সাবের-পাপন বিতর্ক!

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২২:১৩
কথার লড়াই বাংলাদেশ অনেক দেখেছে। তবে একেবারে মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই খুব একটা দেখা যায় না। তবে সাবের হোসেন চৌধুরীর আমন্ত্রণে নাজমুল হাসান পাপন সাড়া দিলে এমন এক চমকপ্রদ লড়াই দেখা যেতে পারে। প্রকাশ্য বিতর্কে অংশ নিতে এবার পাপনের প্রতি আহবান জানালেন সাবের, ‘সামপ্রতিককালে ওনারা অনেক মন্তব্য করেছেন। ক্রিকেট বোর্ডের মাননীয় সভাপতিও অনেক কথা বলেছেন, সে সব প্রসঙ্গে আমি কোনো কথা বলবো না। তবে আমি আশা করবো যে, বাংলাদেশের ক্রিকেট যেহেতু অনেক উঁচু একটা জায়গায় চলে গেছে, আমাদের কারো উচিত হবে না ক্রিকেটের ক্ষতি হয়, এমন আচরণ করা। উনাকেও আরও দায়িত্বশীল হতে হবে, আমাকেও আরও দায়িত্বশীল হতে হবে। আমাদের কোনো বিষয় নিয়ে আপত্তি থাকলে, মতবিরোধ থাকলে কোনো চ্যানেলে বা প্রকাশ্যে তা নিয়ে আলোচনা হতে পারে। এমনকি গোলটেবিল বৈঠকেও আলোচনা হতে পারে। আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে উনাকে এই আমন্ত্রণ জানালাম।’