জয়ে শুরু ফেদেরারের হার্ডকোর্ট মৌসুম

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২২:১৩
দারুণ এক জয়ে হার্ডকোর্ট মৌসুম শুরু করলেন রেকর্ড ১৭ বারের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন রজার ফেদেরার। ইউএস ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট বলে পরিচিত সিনসিনাটি ওপেনের দ্বিতীয় রাউন্ডে গতকাল ফেদেরার ৬-৩, ৭-৬ (৯-৭) গেমে হারিয়েছেন জার্মানির ফিলিপ কোলস্ক্রেইবারকে। তবে টুর্নামেন্টের প্রথম অঘটনের জন্ম দিয়ে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছেন মহিলা এককের অন্যতম ফেভারিট মারিয়া শারাপোভা। বছরের প্রথমার্ধটা কেটেছে একেবারেই শিরোপাহীনভাবে। এর সঙ্গে যোগ হয়েছিল পিঠের ইনজুরি। র্যাঙ্কিংয়ে নেমে যেতে হয়েছে পঞ্চম স্থানে। যা কিনা গত দশ বছরে তার ক্যারিয়ারে সর্বনিম্ন। উইম্বল্ডনের সাতবারের এই চ্যাম্পিয়ন ঐ টুর্নামেন্টেও বিদায় নেন মাত্র দ্বিতীয় রাউন্ড থেকে। এরপর গাস্তাদে নিজের ঘরের মাঠেও হেরে যান প্রথম রাউন্ড থেকে। তবে সিনসিনাটিতে এসেই জানিয়েছিলেন সবকিছু পেছনে ফেলে নিউইয়র্কে বছরের শেষ গ্র্যান্ডস্ল্যামে দারুণ কিছু করতে প্রস্তুত তিনি। আর নিজের ম্যাচে কোলস্ক্রেইবারকে উড়িয়ে দিয়ে সে কথারই যেন প্রমাণ রাখলেন সিনসিনাটি ওপেনের পাঁচবারের চ্যাম্পিয়ন এই তারকা। ম্যাচ শেষে তাই তার কণ্ঠেও ছিল সন্তুষ্টির ছোঁয়া, ‘পরিকল্পিত একটা ম্যাচ খেলতে পারা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। গত বেশ কিছুদিন আমাকে কঠিন একটা সময়ই পার করতে হয়েছে। এরকম একটা ম্যাচ এই মুহূর্তে ছিল খুবই জরুরি। তাছাড়া ইউএস ওপেনের প্রস্তুতির জন্য আমি সব সময়ই এই টুর্নামেন্টটিকে বেছে নেই। এখানে খেলাটা আমি দারুণ উপভোগ করি। এখানকার নীরব পরিবেশটা আমি দারুণ ভালবাসি।’ চোট সমস্যা পুরোপুরি কাটিয়ে তবেই কোর্টে ফিরেছেন জানিয়ে সুইস সুপারস্টার আরো বলেন, ‘আমি নিজেকে বলছিলাম পিঠের ব্যথা থেকে পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত আমি কোর্টে ফিরবো না। যদিও এরপর কয়েকদিন আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে।’ এই জয়ের ফলে কোলস্ক্রেইবারের বিরুদ্ধে জয়ের রেকর্ডটাকে ৭-০তে উন্নীত করলেন ফেদেরার। এদিকে প্রথম কানাডিয়ান হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে স্থান করে নেয়া মিলোস রায়োনিকও পৌঁছে গেছেন শেষ ষোলোতে। আমেরিকার জ্যাক সককে ৩-৬, ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন তিনি। ওয়াইল্ডকার্ডধারী আমেরিকান রায়ান হ্যারিসনকে হারিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন স্পেনের ডেভিড ফেরারও। এদিকে ডব্লিউবিএ টুর্নামেন্টে প্রত্যাবর্তনটা মোটেই সুখকর হলো না মারিয়া শারাপোভার জন্য। আমেরিকার ১৭তম বাছাই স্লোয়ান স্টিফেন্সের কাছে তিনি হেরে গেছেন ২-৬, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে। চারবারের সাক্ষাতে দুই ঘণ্টা ২৭ মিনিটের এই ম্যাচেই প্রথমবারের মতো রাশিয়ান গ্ল্যামার কুইনকে হারাতে পারলেন স্টিফেন্স। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মেজাজ হারিয়ে ফেলাটাকেই হারের কারণ হিসেবে উল্লেখ করে শারাপোভা বলেন, ‘আমার মনে হয় আমার শুরুটা দারুণ ছিল। কিন্তু যখন আপনি ভালো একটা অবস্থায় থাকবেন তখন সেটাকে কাজে লাগাতে হবে। তবে আজ রাতে আমি সেটা পারিনি। প্রথম সেট এবং দ্বিতীয় সেটের শুরুতে আমি যেমনটা করছিলাম সেটা আর ধরে রাখতে পারিনি। এটা অবশ্যই হতাশাজনক।’