বিশ্ব দাবায় খেলে গতকাল সকালে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাষ্টার জিয়াউর রহমান। ফিরেছেন আফসোস নিয়ে। ভালো প্রশিক্ষণ না থাকায় তার কষ্টটা অনেক বেড়ে গেছে। কারণ উন্নত প্রশিক্ষণ থাকলে জিয়া ধৈর্য ধরে ভালো খেলতে পারতেন। প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ভালো খেলতে থাকা জিয়া ভুল চাল দিয়ে ম্যাচটা হেরে গেছেন বলে জানিয়েছেন। জিয়া বললেন, জেতা গেমটা ড্র হয়ে গেছে। ইসরাইলের গ্র্যান্ডমাষ্টার গেলফান্ডের বিরুদ্ধে লড়াই করাটা অনেক কঠিন। কারণ এই দাবাড়ু এক সময়ের বিশ্ব রানারআপ। ওরা ছয়-সাত ঘণ্টা ট্রেনিং করেন। ভালো কোচের কাছে তালিম নেন। কিন্তু বাংলাদেশের দাবাড়ুরা সে সুযোগ পান না। জিয়া বললেন, ‘আমরা তো সেভাবে প্রশিক্ষণ পাই না। আমরা যেসব কোচের কাছে তালিম নিয়েছি তাতে আমাদেরকে গ্র্যান্ডমাষ্টার বানানোর জন্য যথেষ্ট। কিন্তু গ্র্যান্ডমাষ্টার হওয়ার পরে যেভাবে উচ্চতর প্রশিক্ষণ দরকার হয় আমরা সেটা পাইনি।’ ভবিষ্যতে বিশ্ব দাবার বড় আসরে ভালো খেলার জন্য ভালো কোচের কাছে উন্নত প্রশিক্ষণ চান জিয়া। একটু আক্ষেপও ঝরলো জিয়ার কণ্ঠে-তিনি বলেন, ‘দাবায় সরকার কেন সাপোর্ট করছে না আমি জানি না।’
নরওয়েতে বিশ্ব দাবায় অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহযোগিতা করেছে অর্থ দিয়ে। এর জন্য জিয়া বলেছেন, আমি সম্মানিত বোধ করছি। আমাকে টিভি চ্যানেল আই এক বছরের জন্য বিদেশের টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য স্পন্সর করবে।
