ফিক্সিং কাণ্ডে লজ্জিত দুই সাবেক বিসিবি সভাপতি

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২২:১৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিং নিয়ে আকসুর তদন্ত রিপোর্টের পর সারাদেশের মতোই এটাকে বাংলাদেশের জন্য লজ্জার একটা ব্যাপার হিসেবে মনে করছেন ক্রিকেট কর্মকর্তারাও। সেই ধারাবাহিকতায়ই গতকাল বিসিবির সাবেক সভাপতি ও আইসিসির বর্তমান সহসভাপতি আ হ ম মোস্তফা কামাল এবং আরেক সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীও বললেন, তারাও পুরো ব্যাপারটায় সমান লজ্জিত। মোস্তফা কামাল নিজ কার্যালয়ে সংবাদ মাধ্যমের কাছে বললেন, আকসু যে তদন্ত রিপোর্ট তৈরি করেছে তা তিনি দেখেছেন; কিন্তু আইনের নিষেধ থাকায় তিনি কিছু বলতে পারছেন না। তবে এটুকু বললেন যে, ‘এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। যারা অপরাধী তাদের বিপক্ষে কঠোর পদক্ষেপ নিতে হবে।’ এই কঠোর পদক্ষেপ নেয়ার ব্যাপারে একমত সাবের হোসেন চৌধুরীও। তবে তিনি শুধু বিপিএল-এর এই চলমান কেলেঙ্কারি নিয়ে আকসুর তদন্ততেই সন্তুষ্ট নন। তিনি চান এ সংক্রান্ত সব দুর্নীতি নিয়ে তদন্ত হোক। আর এই দাবির কথা বলতে গিয়ে মোস্তফা কামালের দিকেও আঙুল তুললেন সাবের হোসেন, ‘আমি ঠিক জানি না, তবে শুনেছি ওনার আত্মীয়রাও নাকি বিপিএল-এর কোনো দলের মালিকানার সঙ্গে জড়িত। এরকম হলে সেটা সরাসরি স্বার্থের সংঘাত। এরকম বিষয় নিয়েও তদন্ত হওয়া উচিত। প্রথম বছর গেম অন স্পোর্টস কিভাবে কাজ পেল, কিভাবে তারা ব্যাংক গ্যারান্টি তুলে নিয়ে গেল; এসব নিয়েও তদন্ত হওয়া দরকার। তা ছাড়া আপনি যদি মনে করেন যে এই এক আকসুর রিপোর্ট অনুযায়ী কিছু শাস্তি দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে সেটা ঠিক না।’ প্রয়োজনে এক বছর বিপিএল বন্ধ রেখে হলেও ব্যাপারটাকে পরিষ্কার করার আহ্বান জানালেন সাবের।