শেষ টেস্ট খেলতে পারবেন পিটারসেন

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২১:৫৬
ইংল্যান্ড ব্যাটসম্যান কেভিন পিটারসেন আগামি সপ্তাহে দ্য ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের শেষ ও পঞ্চম টেস্ট খেলার ছাড়পত্র পেলেন। হাঁটুতে ইনজুরি থাকলেও পঞ্চম টেস্টের জন্য দেয়া ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। ফলে ওভাল টেস্টে পিটারসেনের একাদশে থাকাটা নিশ্চিত। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে এ তথ্য জানায়। পিটারসেন সর্বশেষ নিউজিল্যান্ড সফরে হাঁটুর ইনজুরিতে পড়েন। কিন্তু অ্যাশেজ সিরিজে খেলার জন্য ডাক্তারের কথা শুনেননি পিটারসেন। অস্ত্রোপচারে না গিয়ে ব্যথানাশক ওষুধ সেবন করেই সিরিজের প্রথম টেস্ট থেকে খেলছেন তিনি। তাই প্রত্যেক টেস্টের আগেই আলাদাভাবে ফিটনেস পরীক্ষা দিতে হয়েছে তাকে। সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের আগেও এর ব্যতিক্রম হয়নি। ফিজিও’র কাছে ফিটনেস পরীক্ষা দিতে হল তাকে। এতে উত্তীর্ণও হয়েছেন তিনি। ফলে ওভাল টেস্টে ইংল্যান্ড একাদশে দেখা যাবে ৩৩ বছর বয়সী পিটারসেনকে। এ ব্যাপারে ইসিবির দেয়া বিবৃতিতে বলা হয়, ‘নিউজিল্যান্ড সিরিজে হাঁটুর ইনজুরিতে পড়েছিল পিটারসেন। তাই তার অস্ত্রোপচার করা দরকার ছিল। কিন্তু অ্যাশেজের কারণে তা করেননি পিটারসেন। তাই প্রত্যেক টেস্টের আগেই ফিটনেস পরীক্ষা দিতে হয়েছে তাকে। পঞ্চম টেস্ট শুরুর আগেও ফিটনেস পরীক্ষা দিয়ে উত্তীর্ণই হয়েছে সে। সবকিছু ঠিক থাকলে নিশ্চিতভাবে ওভাল টেস্টেও দলে থাকবে পিটারসেন।’ পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ইতোমধ্যে চারটি শেষ হয়েছে। প্রথম দুই টেস্ট ও চতুর্থ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড। আর তৃতীয় টেস্টটি হয় ড্র। ফলে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অ্যালিষ্টার কুকের দল।-বাসস