শ্রীলঙ্কার বিরুদ্ধে দিবা-রাত্রির টেস্ট খেলতে চায় পাকিস্তান

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২১:৫৬
দিবা-রাত্রির টেস্ট খেলার ক্ষেত্রে প্রথম দেশ হতে চায় পাকিস্তান। এ বছরের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলংকার বিরুদ্ধে নিজেদের হোম সিরিজে দিবা-রাত্রির টেস্ট খেলতে চায় তারা। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে নির্ধারিত তিন টেস্টের সিরিজে আবুধাবি, শারজাহ অথবা দুবাইর যে কোন একটি ম্যাচ ফ্লাড লাইটের আলোতে খেলার জন্য শ্রীলংকা ক্রিকেট বোর্ডের কাছে এরই মধ্যে প্রস্তাব দিয়েছে পাকিস্তান। পিসিবি চিফ অপারেটিং অফিসার সুবহান আহমেদ জানান, ‘আমরা অন্তত একটি টেস্ট ফ্লাড লাইটের আলোতে খেলতে আগ্রহী। কারণ আমরা মনে করি দিবা-রাত্রির একটি টেস্ট এ ফরম্যাটের প্রতি মানুষের আগ্রহ বাড়াবে এবং দর্শকদেরও আকৃষ্ট করবে।’ পিসিবির এমন আগ্রহের পেছনে আর্থিক ব্যাপারটাই যে মূল ভূমিকা পালন করছে সেটা স্পষ্ট আহমেদের পরবর্তী বিবৃতিতেই, ‘প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে ব্রডকাস্টাররাও দিবা-রাত্রির টেস্টের ব্যাপারে আগ্রহী।’