জোকোভিচ-মারে-নাদাল তৃতীয় রাউন্ডে

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২১:৫৭
শীর্ষ বাছাই নোভাক জোকোভিচসহ সিনসিনাটি ওপেনের দুই ফেভারিট অ্যান্ডি মারে এবং রাফায়েল নাদাল প্রত্যাশিত জয়ে টুর্নামেন্টের শেষ ষোলোতে পা রেখেছেন। অন্যদিকে দ্বিতীয় রাউন্ডে হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে তো বটেই টেনিস ক্যারিয়ারকেই বিদায় জানিয়েছেন উইম্বলডন শিরোপাধারী মারিয়ন বারতোলি। তবে শুরুতে কিছুটা নড়বড়ে মনে হলেও শেষ পর্যন্ত জয় নিয়েই কোর্ট ছেড়েছেন মহিলা এককের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। পুরুষ টেনিসের নিয়ন্ত্রক সংস্থা এটিপি আয়োজিত মাস্টার্স টুর্নামেন্টগুলোর প্রতিটিই অন্তত একবার জিততে পারলেও সিনসিনাটি ওপেনে এখনো পর্যন্ত শিরোপার দেখা পাননি জোকোভিচ। এটি জিততে পারলে তিনি হবেন এটিপির সবগুলো টুর্নামেন্ট জেতা একমাত্র খেলোয়াড়। এমন এক অর্জনের হাতছানিকে সামনে রেখে সিনসিনাটিতে আসা জোকোভিচের শুরুটা মোটেই আশাব্যঞ্জক ছিল না। ম্যাচ শেষে তাই নিজের অসন্তোষের কথাও লুকাতে চাইলেন না, ‘আমার পা যেন নড়ছিলই না। নিজের শটগুলো খেলার চেষ্টাও আমি করছিলাম না। আমি তাকে খেলার সুযোগ দিচ্ছিলাম এবং তার ভুলের অপেক্ষায় ছিলাম। এটা মোটেই সঠিক কোন কৌশল নয়। অবশ্য এটা সিনসিনাতিতে আমার প্রথম ম্যাচ। গত সপ্তাহে খেলা মন্ট্রিয়াল থেকে এখানকার পরিবেশ সম্পূর্ণ ভিন্ন।’ আর্জেন্টাইন হুয়ান মোনাকোর বিপক্ষে এই শীর্ষ বাছাইয়ের জয়টাকে একেবারেই ‘জোকোভিচ সুলভ’ বলা যাবে না। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশ্য টাইব্রেকারে যাওয়ার আগেই প্রথম সেটটা ৭-৫ ব্যবধানে জিতে নেন এই সার্বিয়ান। সেই তুলনায় দ্বিতীয় সেটে অনেক বেশী সপ্রতিভ ছিলেন পুরুষ এককের শীর্ষ বাছাই। ৬-২ গেমে সেটটি জিতে নিয়ে জিতে শেষ ষোলো নিশ্চিত করেন তিনি। সেখানে তার প্রতিপক্ষ বেলজিয়ামের ডেভিড গোফিন। কানাডার ভাসেক পোসপিসিলকে ৭-৫, ১-৬, ৭-৬ (৮/৬) গেমে পরাজিত করে গোফিন তৃতীয় রাউন্ডে উঠেছেন। গত সপ্তাহে যে ভুলের কারণে মন্ট্রিয়াল ওপেনের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন এবার সিনসিনাতিতে সেই একই ভুল যাতে না হয় সে ব্যাপারে সতর্ক ছিলেন বিশ্বের দুই নম্বর র্যাঙ্কধারী মারে। রাশিয়ান প্রতিপক্ষ মিখাইল ইয়ুজনিকে পরাজিত করতে তিনি মাত্র ৭০ মিনিট সময় নিয়েছেন। তৃতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ ফ্রান্সের জুলিয়েন বেনেটে। ২০০৮ এবং ২০১১ সালে সিনসিনাতি মাস্টার্সে জয়ী মারে দুইবারই জোকোভিচকে পরাজিত করে শিরোপা জিতেছিলেন। এদিকে স্প্যানিশ তারকা নাদালও সহজ জয়ে পৌঁছে গেছেন টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে। জার্মান বেঞ্জামিন বেকারকে ৬-২, ৬-২ গেমে পরাজিত করে ২৯ বছর বয়সী এই তারকা তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন। চলতি বছর এখন পর্যন্ত ইন্ডিয়ান ওয়েলস ও মন্ট্রিয়াল ওপেন দুটি হার্ডকোর্ট টুর্নামেন্ট জিতেছেন নাদাল। মহিলাদের বিভাগে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস কানাডার ইউজেনি বুচার্ডের বিপক্ষে প্রথম সেটে ৪-৬ গেমে পরাজিত হলেও শেষ পর্যন্ত ৬-২, ৬-২ গেমের স্বস্তিদায়ক জয় পেয়েছেন। ১ ঘন্টা ৪৭ মিনিটের এই ম্যাচটির এক পর্যায়ে ক্যারিয়ারের সবচেয়ে বাজে কিছু শট খেলেছেন বলে ম্যাচ শেষে স্বীকার করেছেন মার্কিন এই তারকা। উইলিয়ামস বোনদের ছোটটি বলেন, ‘আমি যতগুলো শট খেলেছি প্রতিবারই মনে হয়েছে সেটা বাইরে যাচ্ছে। এমনটি সবচেয়ে সহজ শটটাও বোধহয় ৫০ ফুট বাইরে থেকে যাচ্ছে! সত্যি বলতে কি নিজের পারফরম্যান্স নিয়ে আমি লজ্জিত।’ তবে সেরেনা বেঁচে গেলেও বিদায় নিতে হয়েছে ভেনাসকে। ফেভারিটদের মধ্যে সেরেনা ছাড়াও জয় পেয়েছেন ইয়েলেনা জ্যাঙ্কোভিচ, অগনেইস্কা রাদওয়ানস্কা, ক্যারোলিন ওজনিয়াকি এবং চিনের লি না।