জামায়াত-শিবিরকর্মী পিতা-পুত্র গ্রেফতার

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২১:২৩
নাশকতায় বিদেশি অর্থ যোগানদানের অভিযোগে মিরপুরে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন জামায়াত-শিবির কর্মী পিতা-পুত্র। গ্রেফতারকৃতরা হলেন পিতা ডা. মোহাম্মদ আব্দুর রহমান ও পুত্র আরিফুর রহমান। বৃহস্পতিবার রাতে মিরপুর-২ নম্বর সেকশনের ন্যাশনাল হাউজিং এপার্টমেন্ট কমপ্লেক্স থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা জামায়াত-শিবির কর্মী। এক কুয়েত প্রবাসীর কাছ থেকে অর্থ সংগ্রহের পর তা নাশকতামূলক কর্মকাণ্ডে বন্টনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই ও প্রচারপত্র জব্দ করা হয়। র্যাব-৪ এর উপ-অধিনায়ক জানান, গ্রেফতারকৃতরা সম্প্রতি ওই দুই লাখ টাকা সংগ্রহ করে নেতাকর্মীদের মধ্যে তা হস্তান্তর করেছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান ও আরিফুর রহমান স্বীকার করেছেন, ঐ টাকা কুয়েত জামায়াতে ইসলামীর সেক্রেটারী আব্দুর জববারের কাছ থেকে তারা পেয়েছিলেন। এ টাকা মিরপুর ইসলামী ব্যাংক শাখায় আব্দুর রহমানের হিসাবে জমা হয়। বাবার হিসাব থেকে এই টাকা তুলে শিবিরের বায়তুল মাল সম্পাদকের কাছে দিয়েছিলেন ছেলে আরিফুর রহমান। আব্দুর রহমান তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব এসিস্ট্যান্ট মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত। ছেলে আরিফুর রহমান ইউনিভার্সিটি ডেন্টাল কলেজে বিডিএস দ্বিতীয় বর্ষের ছাত্র। তাদের গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার ঢলুয়া।