ইঞ্জিনিয়ার সংজ্ঞায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংজ্ঞায়িত করা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতি, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদানসহ ৫ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ। কাকরাইলস্থ আইডিইবি ভবনে আয়োজিত সাংবাদিক সন্মেলনে শুক্রবার সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ এই দাবি জানান।
সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ইঞ্জিনিয়ার এর সংজ্ঞায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বাদ দিয়ে অপমানজনকভাবে সুপারভাইজার করার ষড়যন্ত্র করা হচ্ছে। যেকোন মূল্যে এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সংগ্রাম পরিষদের সর্বস্তরের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব খন্দকার মাইনুর রহমান। এতে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফজলুল হক মল্লিক, যুগ্ম আহ্বায়ক একেএম আঃ মোতালেব, নির্মল চন্দ্র শিকদার, আবদুল কুদ্দুস, সিরাজুল ইসলাম প্রমুখ।
