কোয়ার্টার ফাইনালে নাদাল-ফেদেরার মুখোমুখি

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২২:১১
সিনসিনাটি ওপেনের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছেন সর্বকালের অন্যতম সেরা দুই টেনিস তারকা রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল। সহজ জয়ে তাদের সঙ্গী হয়েছেন পুরুষ এককের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচও। তবে মহিলা এককের দুই শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস এবং ভিক্টোরিয়া আজারেঙ্কার জয়ও টেনিস ভক্তদের দৃষ্টি কোর্টে ফেরাতে পারেনি। মারিয়ন বারতোলির অকাল অবসরের ঘোষণায় এখনো আচ্ছন্ন হয়ে আছে টেনিস বিশ্ব। এ বছরের মে-তে রোম মাস্টার্সের ফাইনালে ফেদেরারকে ৬-১, ৬-৩ গেমে উড়িয়ে দেয়ার পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছেন দুইজন। এর আগে ইন্ডিয়ান ওয়েলসে বছরের প্রথম মুখোমুখি লড়াইয়েও জয় পেয়েছিলেন নাদাল। তবে শেষবারের সেই লড়াইয়ের সাথে এবার পার্থক্য হচ্ছে, সেটা ছিল নাদালের প্রিয় মাটির কোর্টে। আর সিনসিনাটির হার্ড কোর্টে ফেদারার পারফরম্যান্স বরাবরই দুর্দান্ত। কিন্তু আগের ৩০টি লড়াইয়ে ২০-১০ ব্যবধানে এগিয়ে আছেন নাদালই। তবে ক্যারিয়ারের ৩১তম বারের মতো মুখোমুখি হবার ফেদেরার সম্পর্কে বলতে গিয়ে নাদাল বরাবরের মতোই দারুণ বিনয়ী, ‘রজারের বিরুদ্ধে খেলাটা সব সময়ই বিশেষ কিছু। আমাদের দুইজনের লড়াইয়ে ইতিহাসে দুর্দান্ত কিছু ব্যাপার আছে। তবে এটা নতুন একটা কোয়ার্টার ফাইনাল। কিন্তু আমাকে বলতেই হবে এটি অন্য আর দশটা ম্যাচের চাইতে একেবারেই আলাদা। কারণ বিশেষ একজন খেলোয়াড়ের মুখোমুখি হওয়াটা সত্যিই বিশেষ কিছু।’ ফেদেরার কিংবা নাদাল শেষ ষোলর লড়াইয়ে একদম সহজ ছিল না কারো জন্যই। দুইজনকেই হারতে হয়েছে একটি করে সেট। টুর্নামেন্টের চার নম্বর বাছাই নাদালের শেষ ষোলর প্রতিপক্ষ ছিলেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ। প্রথম সেটে ৬-২ গেমে জয় পেলেও দ্বিতীয় সেটে এই স্প্যানিয়ার্ড হেরে যান ৫-৭ ব্যবধানে। তবে পাওয়ার টেনিসের দারুণ প্রদর্শনীতে তৃতীয় সেটে ‘বেবী ফেদেরার’কে ৬-২ গেমে উড়িয়ে দিয়ে জয় নিশ্চিত করেন তিনি। এদিকে বছরের দ্বিতীয়ার্ধে ক্রমেই ছন্দ ফিরে পেতে থাকা ফেদেরার প্রথম সেটের অপ্রত্যাশিত হারকে পেছনে ফেলে টমি হাসের বিরুদ্ধে শেষ পর্যন্ত জয় পেয়েছেন ১-৬, ৭-৫, ৬-৩ গেমে। জয়ের পর নিজের পারফরম্যান্স নিয়ে সন্তোষই ঝরলো টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়ন ফেদেরারের কণ্ঠে, ‘বৃহত্তর দৃষ্টিকোণ থেকে তাকালে দেখা যাবে, আমি আবারো ম্যাচ খেলছি। আমাকে নিশ্চিত করতে হবে যে, আমি ভালো খেলছি এবং সবকিছু ঠিকভাবেই এগিয়ে যাচ্ছে। এরকম একটা ম্যাচ আমার আত্মবিশ্বাস বাড়াতে দারুণ গুরুত্বপূর্ণ ছিল।’ অন্যদিকে মাত্র ৫০ মিনিটের লড়াইয়ে ডেভিড গোফিনকে ৬-২, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে এটিপির নয়টি টুর্নামেন্টই জয়ের দিকে আরেক ধাপ এগিয়ে গেছেন জোকোভিচ। শেষ আটে তার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের জন ইসনার। টুর্নামেন্টের চারবারের ফাইনালিস্ট এই সার্বিয়ানের কণ্ঠে ম্যাচ শেষে ছিল শিরোপা জয়ের প্রত্যয়, ‘চারবার ফাইনাল খেলার অর্থ হচ্ছে এই টুর্নামেন্টে আমার পারফরম্যান্স যথেষ্টই ভালো। কখনোই শেষ ধাপটা অতিক্রম করতে না পারলেও আমার বিশ্বাস এবার সেটা আমি করতে পারবো।’ এদিকে মহিলা এককে বারতোলির অপ্রত্যাশিত অবসরের ঘটনা থেকে বেরুতেই পারছেন না টেনিস ভক্তরা। বারবারই ঘুরে-ফিরে আসছিল ২৮ বছর বয়সী এই ফরাসির ‘অবসর বোমা’র বিষয়টি। স্লোভাকিয়ার ম্যাগডালেনা রাবারিকোভাকে ৬-৩, ৬-৪ গেমে উড়িয়ে দেয়ার পরও তাই দ্বিতীয় বাছাই আজারেঙ্কাকে কথা বলতে হলো বারতোলিকে নিয়ে, ‘আমি যখন প্রথমবার টুইটারে খবরটা দেখলাম তখন এটাকে ফালতু বলেই উড়িয়ে দিয়েছিলাম। সবাই যে এতে দারুণ অবাক হয়েছে তাতে সন্দেহ নেই।’ সহজ জয় তুলে নিয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় সেরেনাও। শীর্ষ বাছাই সেরেনা তৃতীয় রাউন্ডে জার্মান মোনা বার্থেলের বিপক্ষে ৬-৪, ৬-১ গেমের জয় তুলে নিয়ে প্রথমবারের মতো সিনসিনাতি মাস্টার্সের শিরোপার আরো কাছে চলে গেছেন। তিনি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন। এছাড়া অপর ম্যাচগুলোতে ১০ম বাছাই ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি চেক প্রজাতন্ত্রের সপ্তম বাছাই পেট্রা কেভিটোভাকে ৩-৬, ৬-২, ৬-৩ গেমে, সাবেক এক নম্বর খেলোয়াড় হেলেনা ইয়ানকোভিচ ৩-৬, ৭-৫, ৭-৫ গেমে যুক্তরাষ্ট্রের স্লে¬ায়ান স্টিফেন্সকে পরাজিত করেছেন।