টানা তিন ম্যাচ হারের পর অবশেষে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) জয়ের মুখ দেখলো তামিমের দল সেন্ট লুসিয়া জুকস। লিগে নিজেদের ষষ্ঠ ম্যাচে বৃষ্টি আইনে সেন্ট লুসিয়া ১৭ রানে হারিয়েছে অ্যান্টিগা হকবিলসকে। তবে এই জয়ের পরও ছয় খেলায় চার পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই থাকলো তামিমের সেন্ট লুসিয়া।
প্রতিপক্ষের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় সেন্ট লুসিয়া। ওপেনিং-এ নেমে শুরু থেকেই মারমুখি ব্যাট চালাতে থাকেন তামিম। কভার ড্রাইভ এবং ক্রিজে ছেড়ে বেড়িয়ে এসে পয়েন্ট ও ফাইন লেগ দিয়ে চারটি বাউন্ডারিও হাঁকান তিনি। ব্যাট-বলের টাইমিং দুর্দান্ত হওয়ায়, এ ম্যাচে হয়তো বড় ইনিংস খেলারই স্বপ্ন দেখছিলেন এই ড্যাশিং বাহাতি ওপেনার। কিন্তু বাধা হয়ে দাঁড়ান অ্যান্টিগা অধিনায়ক মারলন স্যামুয়েলস। পাওয়ার-প্লে¬র শেষ ওভারে বল হাতে নিয়েই তামিমকে ২০ রানে থামিয়ে দেন স্যামুয়েলস। ফলে ৪টি বাউন্ডারির সহায়তায় ১৯ বলে ২০ রান করেই ফিরে যেতে হয় তামিমকে।
তামিমের বিদায়ের পরও এন্ড্রি ফ্লেচারের ৫৩ বলে ৭৬, ডেভন স্মিথের ২৯ ও অধিনায়ক ড্যারেন স্যামির ২০ বলে করা ৩৫ রানের উপর ভর করে ৪ উইকেটে ১৭৯ রানের বড় সংগ্রহ পায় সেন্ট লুসিয়া। বল হাতে এ্যান্টিগার পক্ষে ২টি করে উইকেট নেন স্যামুয়েলস ও রাহকিম কর্নওয়াল।
জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৭০ রান তুলে ফেলে এ্যান্টিগা। এরপর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। খানিক বাদে খেলা আবারো মাঠে গড়ালেও মাত্র ৪ বলের ব্যবধানে আবার বাধা হয়ে আসে বৃষ্টি। শেষ পর্যন্ত খেলা বন্ধ করতে বাধ্য হন ম্যাচের দুই আম্পায়ার। এরপর দীর্ঘক্ষণ বৃষ্টি চলতে থাকায় বৃষ্টি আইনের সহায়তায় নেন ম্যাচ রেফারি। আর সেই আইনে ১৭ রানে হার বরণ করে নিতে হয় এ্যান্টিগাকে। আর টুর্নামেন্টে দ্বিতীয় জয়ের মুখ দেখে তামিমের সেন্ট লুসিয়া। পয়েন্ট টেবিলে অবস্থানের কোন পরিবর্তন না হলেও এই জয়ের ফলে সেমির আশা জিইয়ে রাখলো সেন্ট লুসিয়া।
— বাসস।
