প্রসঙ্গ: বিসিবি নির্বাচন

সাবের হোসেন চৌধুরীকে মঞ্জুর কাদেরের পাল্টা প্রশ্ন

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২২:১৩
সাবের হোসেন চৌধুরী এমপি নির্বাচন করবেন বলে জানানোর পর থেকে আরও উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেট অঙ্গন। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন এমপি’র সঙ্গে তিনি মুখোমুখি বিতর্ক করতে আগ্রহী জানানোর পর। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ ক্লাব সমিতির সভাপতি ও শেখ জামাল ধানমন্ডি ক্রীড়াচক্রের সভাপতি মঞ্জুর কাদের এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলছেন, আগে সাধারণ জনগণের প্রশ্নের উত্তর দিতে হবে সাবের হোসেনকে। এ ব্যাপারে গতকাল মঞ্জুর কাদের বলেন, ‘পাপনের সঙ্গে ওনার মুখোমুখি বিতর্ক করার আগেও তো অনেক প্রশ্ন আছে। উনি আগে সেগুলোর জবাব দিন।’ সাবেক বিসিবি সভাপতি গত বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন করে নাজমুল হাসান পাপনের সাথে বিতর্কের কথা জানান। গতকাল শুক্রবার তিনি একটি টেলিভিশন চ্যানেলে আবারও একই আগ্রহের কথা জানান। প্রিমিয়ার লিগ ক্লাব সমিতির সভাপতি মঞ্জুর কাদের নিজের প্রশ্নগুলো কী, তাও পরিষ্কার বলে দিলেন। তিনি প্রথমত সাবেরের সংগঠক হিসেবে গত কয়েক বছরের কর্মকান্ডের হিসাব চাইলেন, ‘গত পাঁচ থেকে দশ বছর সাবের হোসেন চৌধুরী কোন ক্লাবের জন্য কী করেছেন? আজকের দিনে একটা বড় ক্লাব চালাতে কয়েক কোটি টাকা বছরে খরচ হয়ে যায়। উনি সংগঠক হিসেবে নিজেকে দাবী করবেন; কিন্তু এই শেষ মুহূর্তে এসে একটা ক্লাবের সঙ্গে যুক্ত হবেন, তা কী করে হয়? উনি কী এই সময়ে একটাও ক্লাব চালিয়েছেন?’ মূলত সাবের-পাপন এই নির্বাচনী লড়াই অনেকটাই জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সংগঠন ফোরাম বনাম ঢাকার ক্লাবগুলোর লড়াইয়ে পরিণত হয়েছে। এই ফোরাম নিয়েও অভিযোগ তুলেছেন ক্লাব সমিতির সভাপতি। এ ব্যাপারে ফোরামের সাথে সাবের চৌধুরীর সম্ভাব্য সংশ্লিষ্টতার প্রতি ইঙ্গিত করে মঞ্জুর কাদের বললেন, ‘উনি প্রায়ই বলছেন, ক্রিকেটে অনেক কিছু সংষ্কার করতে চান। এটা কী আওয়ামী লীগ সংষ্কারের মতো কিছু? কাদের নিয়ে সংষ্কার করতে চান উনি? যারা টিকিট কালোবাজারি, টেন্ডারবাজি, ভোট কেনা-বেচার সঙ্গে জড়িত; তাদের পাশে নিয়ে কী আরেকবার সেই ধরণের সংষ্কারই করতে চান তিনি?’ সবশেষে তিনি সাবের হোসেন চৌধুরীর সংগঠক পরিচয় নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘উনি নিজেকে আবাহনীর সংগঠক হিসেবে পরিচয় দেন। অথচ এখন কোন একটা ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে আসছেন। এটা কেন? ঢাকার শীর্ষক্লাবগুলোর কয়জন সভাপতিকে উনি কোনো অনুষ্ঠান করলে পাশে পাবেন? তাহলে যাদের পাশে নিয়ে ঘুরছেন, এদের নিয়ে ক্রিকেটের কী উন্নয়ন সম্ভব?’