জিম্বাবুয়ের ক্রিকেটারদের অনুশীলন বয়কট!

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২২:১৪
বেতন নিয়ে দেন দরবারের জন্য ইউনিয়ন গঠনের মতো শক্ত পথে হাঁটলো জিম্বাবুয়ের ক্রিকেটাররা। এর সাথে আসন্ন পাকিস্তান সফরের আগে আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া অনুশীলনও বয়কট করেছে তারা। দাবি দাওয়া মেনে নেয়া না পর্যন্ত অনুশীলনে ফিরবেন না বলে তারা জানিয়েছেন। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে তিনজন ছাড়া সব খেলোয়াড়ই অনুশীলন বর্জনের সিদ্ধান্তের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক উইলফ্রেড মুকনডিয়া ব্যাপারটার সত্যতা স্বীকার করে জানিয়েছেন খেলোয়াড়দের সংগঠন গত কয়েকমাস ধরেই কাজ করে আসছে। তবে, হঠাত্ এতো জোরেশোরে তারা মাঠে নেমে পড়বে সেটা বোর্ডের কল্পনাতেও ছিল না। দ্রুত খেলোয়াড়দের বেতন প্রদান সংক্রান্ত জটিলতা কাটিয়ে ফেলার আশাবাদ জানিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ “পূর্ব-পরিকল্পনা” মতোই আয়োজনের প্রত্যয় জানিয়েছেন তিনি। জিম্বাবুয়ে দলের সিনিয়র পাঁচ এই ব্যাপারে এখনও মুখ খুলতে রাজি হননি। তারা হলেন, ব্রেন্ডন টেলর, হ্যামিল্টন মাসাকাদজা, এল্টন চিগুম্বুরা, প্রসপার উেসয়া ও ভুসিমুজি সিবান্দা। তারা বেশ কয়েকবার মুকনডিয়ার সাথে তাদের বাকি থাকা ম্যাচ ফি ও বেতনের ব্যাপারে বৈঠকে বসলেও কোন সুরাহা হয়নি। জিম্বাবুয়ের একটা পত্রিকা জানিয়েছে টেস্ট প্রতি পাঁচ হাজার ডলার, ওয়ানডে প্রতি তিন হাজার ডলার ও টি-টোয়েন্টি ম্যাচ প্রতি এক হাজার পাঁচশ’ ডলার দাবি করেছে খেলোয়াড়রা। মুকনডিয়া এটা স্বীকার করে জানিয়েছেন, আলোচনার পথ এখনও খোলা আছে। গত জুলাই মাস থেকে খেলোয়াড়দের বেতন বাকি আছে। তবে, দ্রুতই খেলোয়াড়দের পাওনা মিটিয়ে ফেলার আশ্বাস দিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক। বেতন সমস্যায় খেলোয়াড়দের বেঁকে বসার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত এপ্রিল মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজও বয়কটের হুমকি দিয়েছিল খেলোয়াড়রা। কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা খেলোয়াড়দের দৈনিক দেয়া অর্থের পরিমাণ অনেক কম হওয়ায় সেসময় দেখা দেয় সংকট। কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ক্রেইগ আরভিন তাই জাতীয় দলের পরিবর্তে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলাকেই লাভজনক মনে করে শীতকালীন চুক্তি বর্জন করেন। এই চুক্তিতে প্রতি সপ্তাহে মাত্র ১০০ ডলার করে পাওয়ার কথা ছিল খেলোয়াড়দের। আগামী শুক্রবার থেকেই নিজেদের মাটিতে পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ (দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি) খেলার কথা জিম্বাবুয়ে দলের। তবে, খেলোয়াড়দের অনুশীলন বর্জনের ঘটনায় এখন সিরিজ তো বটেই জিম্বাবুয়ের ক্রিকেটও নতুন সংকটের মুখেই পড়লো।