মিরসরাইয়ে চারশ’ বছরের প্রাচীন নয়দুয়ার বিশিষ্ট মসজিদটি ভেঙ্গে ফেলা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে খইয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের আধা কিলোমিটার দক্ষিণে নয়দুয়ার দীঘি। দীঘির উত্তরপাড়ে নয়দুয়ার ও নয় গম্বুজবিশিষ্ট মসজিদের নাম ‘নয়দুয়ার মসজিদ’। মিরসরাইয়ে ইতিহাস, সমাজ ও সংস্কৃতি গ্রন্থের লেখক আহম্মদ মমতাজ ডা. জামশেদ আলম জানান, ১৬১০ সালে সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে এ মসজিদটি নির্মাণ কর হয়। সরেজমিনে দেখা গেছে, ১৫-২০ জন শ্রমিক কাজ করছে। তাঁরা দৃষ্টিনন্দন নয়দুয়ার মসজিদটির অর্ধেকের বেশি ভেঙ্গে ফেলেছে। মসজিদের মোতোয়াল্লী কাজী ইমামউদ্দিন জানান, মসজিদের জরাজীর্ণ ভবন ভেঙ্গে ৩ হাজার বর্গফুট জায়গায় প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ১ গম্বুজ ও চার মিনারবিশিষ্ট মসজিদ নির্মাণের জন্য নকশা করা হয়েছে। খইয়াছড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী জানান, বিদেশি অনুদানে নতুন মসজিদটির কাজ শুরু হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, মোগল আমলের এই প্রাচীন নিদর্শন নিশ্চি?হ্ন করে দেয়ার সিদ্ধান্ত খুবই দুঃখজনক। মসজিদ ভাঙ্গার কাজ বন্ধ করতে সব ধরনের ব্যবস্থা নেবেন বলে জানান।
