সন্ত্রাসী কর্মকাণ্ডের আশংকায় নেত্রকোনা সদর উপজেলার মদনপুর শাহ্ সুলতান (রাঃ) ডিগ্রী কলেজের ভাইস-প্রিন্সিপালসহ বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য কর্তৃপক্ষ স্থগিত করেছে। শুক্রবার মদনপুর কলেজে এই নিয়োগের লিখিত পরীক্ষার কথা ছিল। কয়েকজন প্রার্থী জানান, প্রার্থীদের মোবাইলে এই বলে হুমকি দেয়া হচ্ছিল যে পরীক্ষা দিতে আসলে এখান থেকে তাদের যেতে দেয়া হবে না। তাদের মারধর করা হবে। বিষয়টি কয়েকজন প্রার্থী কলেজের গভর্নিং বডির সভাপতি ও স্থানীয় এমপি আশরাফ আলী খান খসরুকে জানালে তিনি কলেজের অধ্যক্ষ ও অন্যদের সাথে আলোচনা করে পরীক্ষা স্থগিতের নির্দেশ প্রদান করেন।
