দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যবধানে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই) ১ দশমিক ৩১ শতাংশ বেড়েছে। ডিএসই’র তথ্য অনুযায়ী বর্তমান গড় পিই রেশিও ১৪ দশমিক ৫৫। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ১৪ দশমিক ৩৬। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে গড় পিই রেশিও বেড়েছে দশমিক ১৯ পয়েন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত দু’সপ্তাহ ধরে পিই রেশিও কিছুটা বাড়লেও এর আগে ২ সপ্তাহ ধরে সার্বিক বাজার পরিস্থিতি কিছুটা নিম্নমুখী ছিল। ওই সময় কোম্পানিগুলোর শেয়ারের দর সংশোধন হওয়ার ফলে পিই রেশিও কিছুটা কমেছিল। তবে ঈদের ছুটির পর আবারো কোম্পানির শেয়ার দর বাড়তে শুরু করেছে। এ কারণে ছুটির পর প্রথম সপ্তাহেই পিই কিছুটা বেড়েছে। এদিকে সপ্তাহের ব্যবধানে পিই সামান্য বাড়লেও বাজারে এখনো বিনিয়োগবান্ধব পরিবেশ আছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, বাজারে দীর্ঘদিন ধরে পিই রেশিও ১৫’র নিচে অবস্থান করছে। এ সময়ে বিনিয়োগ করা নিরাপদ। যতদিন পর্যন্ত পিই রেশিও ১৫’র নিচে থাকবে ততোদিন পর্যন্ত বাজারে বিনিয়োগ নিরাপদ থাকবে।
