দারুণ এক জয় দিয়ে সিঙ্গাপুর সফর শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল। এসিসি ইমার্জিং টিম কাপে নিজেদের প্রথম ম্যাচে গতকাল শনিবার বাংলাদেশ আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক সিঙ্গাপুরকে।
কালং মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া সিঙ্গাপুর চরম ব্যাটিং দুর্দশার পরিচয় দেয়। অল আউট হওয়ার আগে মাত্র ১২১ রান করতে পারে তারা। দলের প্রথম চারজন ব্যাটসম্যান দুই অংকের ইনিংস গড়লেও বাকি সবাই ব্যর্থ হয়েছেন। সর্বোচ্চ ৩৭ রান করেন আনিশ পরম। বাংলাদেশের হয়ে চারটি উইকেট নেন স্পিনার নূর হোসেন। এছাড়া তাইজুল ইসলাম ও সাব্বির রহমান দুটি করে উইকেট লাভ করেন। আর অধিনায়ক মাহমুদুল হাসান নিয়েছেন একটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ১৩ রানের মধ্যে প্রথম উইকেট হারালেও বাকিটা পথ সহজেই পার করে দিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটসম্যানরা। ওপেনার সৌম্য সরকার ৬৫ রানে অপরাজিত ছিলেন। অল্পের জন্য হাফ সেঞ্চরির দেখা পাননি ওয়ান ডাউনে নামা ব্যাটসম্যান মিথুন আলি। আউট হয়ে গেছেন ৪৩ রানে। শেষ পর্যন্ত ২৬ ওভার চার বলেই জয়ের বন্দরে পৌঁঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল। ম্যাচ সেরা হয়েছেন নূর হোসেন।
এদিকে একই দিন ‘এ’ গ্রুপে শ্বাসরুদ্ধকর ম্যাচে নেপালকে তিন রানে হারিয়েছে আফগানিস্তান। আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে সফরকারীদের দলটির শেষ ম্যাচে আগামী ২২ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে।
