ফুটবল দলের ক্লোজড ডোর ম্যাচ

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২১:১৩
সাধারণত প্রতিপক্ষ দলগুলো যেন নিজ দলের কৌশল জানতে না পারে সে কারণে ক্লোজড ডোর অনুশীলনের রেওয়াজ রয়েছে ফুটবলে। কিন্তু বাংলাদেশ ফুটবল দলের অনুশীলনে ক্লোজড ডোর অনুশীলনের কোনো কারণ খুঁজে পাওয়া গেল না। কারণ ঘরের মাঠে কোনো প্রতিপক্ষ নেই। তারপরও ক্রুইফের জাতীয় দল গতকাল ক্লোজড ডোর অনুশীলন ম্যাচ খেলছে বাফুফে একাদশের বিরুদ্ধে। সংবাদ মাধ্যমকে মাঠ থেকে সরে যেতে হয়েছে। ৭২ মিনিটে মিঠুনের একমাত্র গোলে জাতীয় ফুটবল দল হারিয়েছে বাফুফে একাদশ নামে গড়া দলটিকে। কিন্তু ক্লোজড ডোর ম্যাচ কেন হলো তা জানা গেল না। অনেকেই মনে করছেন ক্রুইফ সংবাদ মাধ্যমকে দূরে সরিয়ে রাখতেই কৌশল নিয়েছেন তিনি। সম্প্রতি সংবাদ মাধ্যমকে সহজভাবে গ্রহণ করতে পারছেন এই ডাচ। কারণ সাফের প্রস্তুতির মাঝ পথে তিনি হল্যান্ড গিয়েছিলেন আট দিনের জন্য। এলোমেলো হয়ে গিয়েছিল অনুশীলন। এই নিয়ে ফুটবল অঙ্গনে সমালোচনা হওয়ার খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ায় একটু ক্ষুব্দ এই ডাচ। তিনি মালয়েশিয়ার অলিম্পিক দলের সাথে প্রস্তুতি ম্যাচ বাতিল করলেও গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যায় বাফুফে একাদশের বিরুদ্ধে ম্যাচ খেলেছেন। প্রতিপক্ষ বাফুফে একাদশটি গড়েছেন কোচ সাবেক মিডফিল্ডার নুরুল হক মানিক। তার দলে ছিলেন আফ্রিকান ফুটবলার সাত জন। গতকালসহ প্রায় হাফ ডজন অনুশীলন ম্যাচ খেলেছে ক্রুইফের দল।