যুদ্ধ বিগ্রহের মধ্যে থাকা আফগানিস্তানে ১০ বছরের মধ্যে প্রথম ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিপক্ষ তাদের পড়শি পাকিস্তান। সাফ চ্যাম্পিয়নশিপের প্রাক্কালে কাবুলের এএফএফ (আফগানিস্তান ফুটবল ফেডারেশন) স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত হবে প্রীতি ম্যাচটি।
ফুটবলের বিশ্ব সংস্থা ফিফা গত শুক্রবার এ তথ্য জানায়। ফিফা আরো জানায় যে আগামী সপ্তাহে দ্বিতীয়বারের মতো আট দলের আফগান প্রিমিয়ার লিগও শুরু হবে।
আফগানিস্তান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইদ আঘাজাদা ফিফাকে বলেন, ‘বাস্তবতা হলো ১০ বছরের মধ্যে আমরা আমাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি আয়োজন করতে যাচ্ছি। ১৯৭৭ সালের পর এটা হবে পাকিস্তানের বিরুদ্ধে কাবুলে প্রথম ম্যাচ যা আমাদের দেশের ফুটবলকে বড় প্রচার দেবে।’ তিনি আরো বলেন, ‘এটা প্রমাণ করছে যে খুবই কঠিন একটা সময়ের পর আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরছি। সাংগঠনিক ও অবকাঠামোগত দিক থেকে আফগান ফুটবল উন্নতি করেছে। এখন আমরা বিশ্বাস করি যে ফুটবল আমাদের দেশে বড় ভূমিকা রাখতে পারে। আমরা আশা করছি অবশ্য সব টিকেট বিক্রি হয়ে যাবে।’
তুর্কমেনিস্তানই হলো আফগানিস্তান সফর করা সর্বশেষ দল। ২০০৩ সালের ওই ম্যাচে সফরকারীরা ২-০ গোলে জয়ী হয়েছিল। ফিফার বিশ্ব র্যাংকিংয়ে ১৩৯তম স্থানে থাকা আফগানিস্তান চলতি বছর তিনটি ম্যাচ খেলে সবকটিতেই অপরাজিত থাকে। খেলাগুলোর মধ্যে দলটি শ্রীলংকা ও মঙ্গোলিয়াকে হারায় এবং লাওসের সাথে ড্র করে।
পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) সাধারণ সম্পাদক আহমদ ইয়ার খান লোধি বলেন, ‘দক্ষিণ এশিয়ার ফুটবল পরিবারের জন্য এটা খুবই প্রতীকী একটি খেলা। এটা নিশ্চিত করছে যে আমাদের খেলাধুলাও প্রতিবেশী দেশগুলোর মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলায় অবদান রাখতে পারে।’ এদিকে আফগান প্রিমিয়ার লিগের জন্য দলগুলোকে সারাদেশ থেকে বেছে নেয়া হলেও খেলা হবে কেবল কাবুলে। তবে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে লিগটি।
