আইসিসি প্রতিনিধিরা সিলেট ভেন্যু পরিদর্শন করবেন আজ

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২১:৪৪
বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের খেলা যাতে সিলেটে হয় সেজন্য সব চেষ্টাই অব্যাহত রেখেছেন সংশ্লিষ্টরা। ধারণা করা হচ্ছে অক্টোবরের মাঝামাঝি সময়ে প্রায় ৮৭ কোটি টাকা ব্যয়ের সিলেট বিভাগীয় স্টেডিয়ামটির কাজ পুরোপুরি শেষ হবে। এটিকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের লক্ষ্যে প্রায় আড়াই মাস ধরে ৪০০ শ্রমিক দিনরাত খাটছেন। এদিকে আইসিসির প্রতিনিধি দল আজ রবিবার সিলেট স্টেডিয়াম পরিদর্শনে আসবে। সংশ্লিষ্টরা আশা করছেন এবার আইসিসির প্রতিনিধি দলকে চমকে দেবে সিলেট বিভাগীয় স্টেডিয়াম। এ ব্যাপারে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ইত্তেফাককে বলেন, বর্তমানে গ্যালারি, ফ্লাডলাইট স্থাপন, মিডিয়া সেন্টার ও ইনডোরের কাজ চলছে। সময়ে সঙ্গে পাল্লা দিয়ে যেভাবে কাজ এগুচ্ছে তাতে আইসিসি প্রতিনিধি দলের সন্তুষ্ট না হওয়ার কোন কারণ তিনি দেখছেন না।