চাঁদাবাজির অভিযোগে ছয় যুবককে আটক করেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামবাসী। পরে তাদের তুলে দেয়া হয় পুলিশের হাতে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। জীবননগর থানার (ওসি) আব্দুর রকিব খান জানান, উপজেলার উথলী গ্রামের নাজমুল বাহিনীর ছয় ক্যাডার চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত। তারা উথলী মোল্লাপাড়ার শামীরুল ইসলামের স্ত্রী রূপভান বেগমের কাছে চাঁদা দাবি করে। শুক্রবার রাত ৮টায় চাঁদার টাকা নেয়ার জন্য ছয় যুবক রূপভান বেগমের বাড়ি গেলে গ্রামবাসী তাদের আটক করে থানায় সোপর্দ করে। শুক্রবার রাতেই রূপভান বেগম বাদী হয়ে উথলী গ্রামের আবু জাফরের ছেলে জিসান হোসেন (২২), আমির হোসেনের ছেলে রাজন (২০), বিল্লাল হোসেনের ছেলে আব্দুল আওয়াল (১৮), মজনুর রহমানের ছেলে লিপটন হোসেন (১৯), নূর মোহাম্মদের ছেলে মতিয়ার রহমান ও খুরশিদ আলমের ছেলে ইমন হোসেনের (১৮) নামে চাঁদাবাজি মামলা দায়ের করেন।
ওসি আরো জানান, ‘আটককৃতরা সকলেই নাজমুল গ্রুপের সদস্য হিসেবে পরিচিত। নাজমুল গ্রুপের ছয় সদস্যকে গ্রামবাসী আটক করলেও এই গ্রুপের নেতা নাজমুল হক এখনো পলাতক।
