স্মৃতিচারণ, কবিতা পাঠ আর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে শনিবার পালিত হলো কবি শামসুর রাহমানের ৭ম মৃত্যুবার্ষিকী। ১৯২৯ সালের ২৩ অক্টোবর তিলোত্তমা শহর ঢাকার মাহুতটুলিতে জন্মেছিলেন অসাম্প্রদায়িক চেতনার নাগরিক কবি শামসুর রাহমান। ২০০৬ সালের ১৭ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
গতকাল সকালেই কবিকে স্মরণ করতে অনেকেই ছুটে যান বনানী কবরস্থানে। কবির কবরের সামনে দাঁড়িয়ে তার প্রতি জানানো হয় শ্রদ্ধাঞ্জলি। এসময় পারিবারিকভাবে ফুলেল শ্রদ্ধা জানান কবির পুত্র ফাইয়াজ রাহমান, পুত্রবধূ টিয়া রাহমান এবং দুই নাতনী নয়না রাহমান ও দীপিতা রাহমান। প্রাতিষ্ঠানিকভাবে জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতি পরিষদের পক্ষ থেকে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কবিতা পরিষদের সহ-সভাপতি ড. মুহাম্মদ সামাদ, নাট্যজন রামেন্দু মজুমদার, কবি রবিউল হুসাইন, আয়াত আলী পাটোয়ারী ও শাহাদাত্ হোসেন নিপু। ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে পালন করা হয় এক মিনিটের নীরবতা। এরপর কবির আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। এছাড়াও কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এসময় উপস্থিত ছিলেন জোটের জ্যেষ্ঠ সহ-সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামান, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সোনারগাঁও কারু ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ, লিয়াকত আলী লাকী প্রমুখ। আর বিকালে বাদ আছর কবির শ্যামলীর বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে কবির পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, অনুরাগী, বন্ধু ও কবিতা পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া নারী মুক্তি আন্দোলনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা ও কবিতা পাঠের আসরের আয়োজন করে।
