বিশ্বব্যাংকের বিদায়ী কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইনের রাজনৈতিক সুলভ আচরণের কারণে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিল হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমানের নাম থাকলেও বিশ্বব্যাংকের তদন্তকারী দলের প্রধান মোরেন ওকাম্পো তদন্ত শেষে স্বীকার করেছেন ড. মসিউর রহমানের কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের সিদ্ধান্তকে ভুল ও অন্যায় আখ্যায়িত করে অর্থমন্ত্রী আবারো দাবি করেন, পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি। বিশ্বব্যাংক এখন পর্যন্ত দুর্নীতির কোনো প্রমাণ দিতে পারেনি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) আয়োজনে গতকাল শেরেবাংলানগরস্থ এনইসি সম্মেলন কক্ষে জাতীয় উন্নয়নে সংবাদ মাধ্যমের ভূমিকা শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী জানান, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে পরবর্তী ২ বছরের মধ্যে জেলা সরকার বাস্তবায়ন করা হবে। বর্তমান সরকারের সময়কালে দেশের অর্থনীতির ভিত মজবুত হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, হলমার্কের ঋণ জালিয়াতি দেশের সামষ্টিক অর্থনীতির উপর কোন প্রভাব ফেলতে পারবে না। তার মতে, দেশের সকল ব্যাংকের মোট ৪০ হাজার কোটি টাকার বেশি ঋণ রয়েছে। হলমার্কের ঋণ তার মাত্র এক শতাংশের মতো। ইআরডি সচিব মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, হেদায়েতুল্লাহ আল মামুনসহ ইআরডির ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মশালায় বক্তব্য রাখেন।
