ভিটামিন সি আমাদের শরীরে প্রয়োজন থাকুক কি না থাকুক আমরা এ ভিটামিনটি ইচ্ছামত সেবন করে থাকি। বিশেষ করে মায়েরা অন্য সব ভিটামিন না খাওয়ালেও বাচ্চাদের আঙ্গুর খাওয়াতে ব্যস্ত থাকেন। কিন্তু আমরা কখনও ভেবে দেখেছি কি আমাদের শরীরে অতিরিক্ত ভিটামিনের কোন প্রয়োজন আছে কিনা।
আমাদের মনে রাখা দরকার, সাধারণত দুই ধরনের ভিটামিন আছে। ফ্যাট সলিউবল এবং ওয়ার্টার সলিউবল ভিটামিন। ভিটামিন এ, ডি, ই, কে হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। এ ধরনের ভিটামিন প্রয়োজনের চেয়ে বেশি সেবন করলে ক্ষতি নেই। কারণ ওষুধ কিংবা প্রাকৃতিক উত্স যেখান থেকেই এই ভিটামিন গ্রহণ করি না কেন এটা শরীরে জমা থাকতে পারে। কিন্তু ভিটামিন সি হচ্ছে ওয়ার্টার সলিউবল ভিটামিন। এটা শরীরে স্টোরেজ বা সঞ্চিত থাকে না। প্রয়োজনের চেয়ে বেশি ভিটামিন সি সেবন করলে অথবা প্রাকৃতিক উত্স থেকে গ্রহণ করলে এটা প্রয়োজন মেটানোর পর অবশিষ্ট ভিটামিন সি ইউরিন বা ঘামের সাথে শরীর থেকে বের হয়ে যায়।
তাই বেশি আঙ্গুরের রস খাওয়ালে শিশুদের শারীরিক কোন লাভ হয় না। প্রতিদিন ৪ বছরের ঊর্ধ্বে কোন শিশু বা প্রাপ্তবয়স্ক ব্যক্তির মাত্র ৬০ মিলিগ্রাম ভিটামিন সি প্রয়োজন। একটা কাঁচা মরিচ খেলেই এ ধরনের ভিটামিন সি আসতে পারে। তাছাড়া প্রতিদিন যে পরিমাণ সবুজ শাক-সবজি, লেবু খাওয়া হয় তা থেকেই প্রয়োজনীয় ভিটামিন সি পাওয়া যায়। এছাড়া বিদেশি ফল নয়, দেশের আমলকি, কামরাঙ্গা, পেয়ারা থেকেও প্রচুর ভিটামিন সি পাওয়া যায়।
লেখক : চুলপড়া, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ
