টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু

সিলেট ঘুরে সন্তুষ্ট আইসিসি দল

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২১:৩৫
নিজেদের শহরে আন্তর্জাতিক ক্রিকেট দেখার জন্য সিলেটবাসীর অপেক্ষা অনেক দিনের। সবকিছু ঠিক থাকলে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে সেই অপেক্ষার অবসান হওয়ার কথা ছিল। কিন্তু এই ব্যাপারটিতে একটা প্রশ্ন চিহ্ন তৈরি করে দিয়েছে সিলেটে নির্মাণ কাজের প্রথমদিকের ধীরগতি। শেষ পর্যন্ত নির্মাণ পরীক্ষায় পাস করে সিলেট বিশ্বকাপের আয়োজক ভেন্যু হতে পারবে কি না, তা খতিয়ে দেখতেই গতকাল আইসিসির বিশেষ পরিদর্শনে পরিদর্শক দল এসেছিলেন স্টেডিয়ামে। যদিও তারা মতামত আইসিসির কাছে দেয়া প্রতিবেদনেই জানাবেন; তারপরও পরিদর্শক দল সিলেটে বসে এটুকু অন্তত বলে গেলেন, নির্মাণের বর্তমান গতি দেখে সন্তুষ্ট তারা। গতকাল রবিবার সকালে সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শনে এসে পৌঁছান আইসিসির পরিদর্শক দল। এর আগেও দুবার এই ভেন্যু পরিদর্শন করেছেন আইসিসির প্রতিনিধি দল। আগের দুটি পরিদর্শনে নির্মাণের কাজের গতি যথেষ্ট মনে না হওয়ায় এই ভেন্যু নিয়ে সংশয় প্রকাশ করেছিল আইসিসি। পরে বিসিবির বিশেষ অনুরোধে তারা কাজের গতি দেখতে অন্তর্বর্তীকালীন পরিদর্শনে এসেছেন এবার। আইসিসির এই দলে ছিলেন ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলী, টুর্নামেন্ট ডিরেক্টর ধীরাজ মালহোত্রা, পরামর্শক ভুরেন ইউজিন ও উইকেট বিশেষজ্ঞ এ্যাটকিনসেন। পরিদর্শক দল গতকাল স্টেডিয়ামে আসার পর নির্মাণ ও সংস্কার কাজের নকশা দেখিয়ে তাদেরকে পরিস্থিতি বোঝানো হয়। এ সময় তারা মাঠের বিভিন্ন দিক ঘুরে দেখেন। পরিদর্শক দলের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারাও ছিলেন। সিলেট স্টেডিয়ামের বিশ্বকাপ ভাগ্য এই দলের রিপোর্টের ওপর নির্ভর করছে অনেকটাই। সেই রিপোর্টে কী থাকবে, সেটা সময় বলবে। তবে ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পরিদর্শক দলের প্রধান ক্রিস টেটলী ভেন্যু সংস্কার কাজের সন্তোষই প্রকাশ করলেন। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বললেন, নির্ধারিত সময়, মানে ৩০ সেপ্টেম্বরের ভেতর কাজ শেষ না হলেও অক্টোবরের মাঝামাঝির আগেই সিলেটের কাজ শেষ হবে, ‘আমরা আশা করি অক্টোবরে মধ্যে কাজ শেষ হবে। অবশ্য আইসিসির কাছে ভেন্যু হস্তান্তরের শেষ সময় ৩০ সেপ্টেম্বর।’ নানারকম আমলাতান্ত্রিক জটিলতায় এই ভেন্যুতে কাজ শুরু হয়েছে অনেক দেরি করে, জুন মাসে। এরপর থেকে অবশ্য এখানে দারুণ গতিতে কাজ চলছে। দিন-রাত এখন প্রায় চারশ’ শ্রমিক কাজ করছে। চারতলা প্যাভিলিয়ন ভবনের দোতলার কাজ সমপন্ন হয়েছে। মিডিয়া সেন্টার, গ্রিন গ্যালারিসহ অন্যান্য কাজও চলছে দ্রুতগতিতে চলছে। ফ্লাড লাইট টাওয়ারের কাজও শেষ পর্যায়ে। কাজের এখন যে গতি তাতে আশাবাদী সিলেট স্টেডিয়ামের সংস্কার কমিটির চেয়ারম্যান শফিউল আলম নাদেলও। তিনিও বললেন,‘আইসিসির পরিদর্শক দল পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন। আশাকরি সময় মত কাজ শেষ হবে। ৩০ সেপ্টেম্বরের আগে আইসিসি পর্যবেক্ষক দল মাঠ পরিদর্শনে আবার আসবে। তখন হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।’ কর্মকর্তারা জানিয়েছেন, সিলেট স্টেডিয়ামের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে আগামী অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের একটি ম্যাচ সিলেটে আয়োজন করার সম্ভাবনা আছে।