কাউন্টি খেলতে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন জার্ভিস

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২১:৩৬
মাত্র ২৪ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন জিম্বাবুয়ের পেসার কাইল জার্ভিস। কাউন্টি ক্রিকেটে মনোযোগী হতেই অবসরের সিদ্ধান্ত নিলেন আট টেস্টে ৩০ ও ২৪ ওয়ানডেতে ২৭ উইকেট পাওয়া এই বোলার। একটি কাউন্টি দল থেকে প্রস্তাব পাওয়ায় নিজের দেশে আসন্ন পাকিস্তান সিরিজ থেকে তিনি নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এবং এক বিবৃতির মাধ্যমে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘গত কয়েক মাসে আমি কয়েকটি সুযোগ পেয়েছি। আর গত সপ্তাহে আমাদের বেতন নিয়ে সমস্যা শুরু হওয়ায় আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তাই আমার মতে যাওয়ার সময় চলে এসেছে।’ নয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০টি উইকেট পাওয়া এই বোলার আরও বলেন, ‘জিম্বাবুয়ে সবসময়ই আমার ঘর ছিল। গত কয়েক বছরে যারা আমাকে সমর্থন করেছে তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে দলের সবার প্রতি আমার শুভ কামনা রইলো।’