বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল এসিসি’র এমার্জিং টিম কাপে প্রথম ম্যাচে দুর্বল দল স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে সহজ জয় পেলেও দ্বিতীয়টিতে গতকাল রবিবার শ্রীলংকার কাছে পরাস্ত হলো। সিঙ্গাপুরের পেদাং মাঠে শক্তিশালী শ্রীলঙ্কানদের কাছে ৬২ রানে হারে বাংলাদেশের দলটি। দিনের অপর ম্যাচে সিঙ্গাপুরের কেলাং গ্রাউন্ডে পাকিস্তানকে তিন উইকেটে হারিয়েছে ভারত।
টসে হেরে ব্যাট করতে নেমে লঙ্কানদের অনূর্ধ্ব ২৩ দলের দুই ওপেনার মিলেই যোগ করেন ১৫৭ রান। উদয়া জয়াসুন্দেরা ৭০ ও শিহান জয়সুরিয়া ৮৫ রান করে আউট হয়ে গেলে বড় ইনিংস খেলতে পারেননি আর কোন ব্যাটসম্যানই। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৫৯ রান করে শ্রীলঙ্কা। ধানুশকা গুনাথিলাকা ২৪ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে সাব্বির রহমান তিনটি ও নূর হোসেন দুটি করে উইকেট নেন।
জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় পুরো ৫০ ওভারই খেলতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা। অলআউট হওয়ার আগে মাত্র ১৯৭ রান করতে পারে তারা। ওপেনার রনি তালুকদার সর্বোচ্চ ৫৬ রান করেন। এছাড়া লিটন দাস ৩৯ ও আসিফ আহমেদ রাতুল ৩৬ রান করেন। লঙ্কানদের হয়ে ২০ রান দিয়ে পাঁচটি উইকেট নেন চারিথ জয়াম্পথি। আর ব্যাটিংয়ের পর বল হাতেও দুই উইকেট পাওয়া শিহান জয়সুরিয়া পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২২ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে।
