এই রিপোর্ট যখন পড়ছেন, ততক্ষণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সেমিফাইনালের লাইনআপ ঠিক হয়ে যাওয়ার কথা। এমনিতে গতকাল বাংলাদেশ সময় ভোর রাতের তিনটি খেলার ভেতর দিয়ে সেমিফাইনালের চারটি দলের লাইনআপ ঠিক হয়ে গেছে—গায়না অ্যামাজন ওয়ারিয়র্স, বারবাডোজ ট্রাইডেন্টস, জ্যামাইকা তালাহোয়াস ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেডস্টিল। আজ ভোরে জ্যামাইকা বনাম টিনিদাদের ম্যাচের ওপরই আসলে নির্ভর করছে এই চার দলের অবস্থান। এই অবস্থান ঠিক হয়ে যাওয়ার আগেই কাল সেমিফাইনারের আগেই বিদায় হয়ে গেল তামিম ইকবালের দল সেন্ট লুসিয়া জুকসের। সাকিব আল হাসানের দল বারবাডোজ ট্রাইডেন্টস সেরা চারে আগেই জায়গা নিশ্চিত করে ফেলেছে। কিন্তু গতকাল সাকিব-তামিম দুজনেরই দল পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে। ব্যাটে-বলে গতকাল ব্যর্থ হয়েছেন বাংলাদেশী দুই তারকাও। তামিমের দল সেন্ট লুসিয়ার সামনে সুযোগ ছিল টিএনটিকে হারিয়ে সেমির লড়াইয়ে টিকে থাকার। কিন্তু টিএনটির বিপক্ষে হেরে ছিটকে গেল তারা। আগে ব্যাট করা সেন্ট লুসিয়া আন্দ্রে ফ্লেচারের ৪৬ রানে ভর করে ৯৯ রান তুলতে পেরেছিল মাত্র; তামিম করেছিলেন ৫ রান। জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে নিজেদের সেরা চারে তুলে নেয় টিএনটি। জ্যামাইকার বিপক্ষে সাকিবের বারবাডোজ জয় পেলে কালই তারা গ্রুপসেরা হয়ে যেতে পারত। কিন্তু সাকিবের মতোই ব্যর্থ হয়েছে তার দল বারবাডোজ। আগে ব্যাট করে ডোয়াইন স্মিথের ব্যাটে ভর করে ১১৩ রান তুলেছিল বারবাডোজ। জবাবে ৭ বল ও ৬ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জ্যামাইকা। সাকিবকে ব্যাট হাতে নামতেই হয়নি বল হাতে ৪ ওভারে ২২ রান দিয়ে এক উইকেট নিয়েছেন।
গতকাল অন্য ম্যাচে অ্যান্টিগাকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় আপাতত শীর্ষে উঠে এসেছে গায়না।
